ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

সংগৃহীত ছবি
সৌদি আরব বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রতি সৌদি সরকারের পূর্ণ আস্থা রয়েছে এবং দুই দেশের মধ্যে অত্যন্ত সফল ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ফিশারিজ, খাদ্য, জ্বালানি, নবায়নযোগ্য জ্বালানি, সৌরশক্তি, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন খাতে সৌদি আরব তাদের অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগিয়ে বাংলাদেশে বিনিয়োগ করতে চায়। এসব বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজির নেতৃত্বাধীন প্রতিনিধি দল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ বৈঠক করে।
শামা ওবায়েদ জানান, সৌদি আরবে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশি নাগরিকের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। যুদ্ধকালীন সময়ে সৌদিতে নিহত তিন বাংলাদেশির প্রতি শ্রদ্ধা জানানো হয়। সৌদি সরকারের সহযোগিতায় তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনা সম্ভব হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আরও দক্ষ বাংলাদেশি কর্মী নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছে সৌদি প্রতিনিধি দল।
তিনি আরও জানান, সৌদি ক্রাউন প্রিন্স প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বাংলাদেশও সৌদি ক্রাউন প্রিন্সকে ঢাকা সফরের আমন্ত্রণ জানিয়েছে। শিগগিরই সৌদি আরবে একটি যৌথ বৈঠক আয়োজনের আশা করা হচ্ছে, যেখানে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যানসহ সংশ্লিষ্টরা অংশ নেবেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলতি বছর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে রাজনৈতিক পরামর্শ বৈঠক (পলিটিক্যাল কনসালটেশন) এবং যৌথ কর্মপরিষদের (জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ) বৈঠক অনুষ্ঠিত হবে। দুই দেশের যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত থাকবে।
পাসপোর্ট সংক্রান্ত সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি সব দেশের ক্ষেত্রেই একটি সাধারণ কনসুলার সমস্যা। বিষয়টি সমাধানে ঢাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পাসপোর্ট অধিদপ্তর এবং সৌদি আরবের সংশ্লিষ্ট কারিগরি দলের মধ্যে আলোচনা চলছে।
এর আগে সোমবার (৩ আগস্ট) রাতে দুই দিনের সফরে ঢাকায় আসেন সৌদি আরবের পররাষ্ট্র উপমন্ত্রী ওয়ালিদ এল খেরেজি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
Posted ১১:১৮ এএম | মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।