খেলাধুলা ডেস্ক | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

টানা দুইবারের চ্যাম্পিয়নকে ছাড়াই এবার বসতে যাচ্ছে ফ্রেঞ্চ ওপেনের আসর। ডান কবজির চোট থেকে সেরে না ওঠায় ইতালিয়ান ওপেন ও বছরের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম রোলাঁ গারোঁ থেকে ছিটকে গেছেন সাতবারের গ্র্যান্ড স্লাম জয়ী তারকা কার্লোস আলকারাজ। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেই এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন।
এক আবেগঘন পোস্টে আলকারাজ জানান, ‘ডান কবজির মেডিকেল পরীক্ষার ফল পাওয়ার পর আমি ও আমার দল সিদ্ধান্ত নিয়েছি যে, বর্তমানে সতর্ক থাকাই সবচেয়ে ভালো। তাই রোম বা রোলাঁ গারোঁ কোথাও অংশ নিচ্ছি না। এটা আমার জন্য অত্যন্ত কঠিন সময়, তবে আমি নিশ্চিত আরও শক্তিশালী হয়ে দ্রুত ফিরে আসব।’
গেল সপ্তাহে বার্সেলোনা ওপেনের প্রথম রাউন্ডে ফিনল্যান্ডের ওট্টো ভির্টানেনের বিপক্ষে খেলতে গিয়ে কবজিতে চোট পান আলকারাজ। ম্যাচটি জিতলেও চোটের কারণে পরে টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ান তিনি। এমনকি গত ১৭ এপ্রিল মাদ্রিদ ওপেন থেকেও নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন এই স্প্যানিশ তারকা।
২০২৬ মৌসুমে আলকারাজ দুর্দান্ত ফর্মে ছিলেন। এই মৌসুমে তার রেকর্ড ২২-৩। বছরের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেন জিতে সবচেয়ে কম বয়সে ‘ক্যারিয়ার গ্র্যান্ড স্লাম’ পূর্ণ করার অনন্য রেকর্ড গড়েন তিনি। তবে ক্লে কোর্ট মৌসুমে মন্টে কার্লো মাস্টার্স ফাইনালে ইয়ানিক সিনারের কাছে হেরে বিশ্বের ১ নম্বর র্যাঙ্কিং হারান তিনি।
আলকারাজের ছিটকে যাওয়া নিয়ে বর্তমান এক নম্বর তারকা সিনার বলেন, ‘এটা আমাদের সবার জন্যই খুব খারাপ খবর। প্রতিযোগী হিসেবে আপনি সবসময় সেরা খেলোয়াড়দের বিপক্ষেই লড়তে চান। আর এই কোর্টে (ক্লে) সে নিশ্চিতভাবেই সেরা।’ সিনার আশা প্রকাশ করেন, আলকারাজ যেন দ্রুত সুস্থ হয়ে উইম্বলডনের আগেই কোর্টে ফিরতে পারেন।
Posted ২:৩৬ এএম | শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।