ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 1 বার পঠিত

চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ককে প্রতিদ্বন্দ্বিতার বদলে অংশীদারত্বের ভিত্তিতে এগিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উষ্ণ অভ্যর্থনা পাওয়ার কয়েক ঘণ্টা পর এ আহ্বান জানান তিনি।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ায় প্রকাশিত এক লিখিত বক্তব্যে শি জিনপিং বলেন, ‘আমাদের দুটি দেশ প্রতিদ্বন্দ্বী না হয়ে অংশীদার হওয়া উচিত।’
চীনা প্রেসিডেন্ট বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের জনগণের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। একই সঙ্গে দুই দেশের পারস্পরিক স্বার্থও গভীরভাবে জড়িত।
যুক্তরাষ্ট্রের রাজধানীতে পৌঁছানোর পর লালগালিচায় ট্রাম্প ও শি জিনপিং করমর্দন করেন। এরপর বহুল প্রতীক্ষিত দ্বিপক্ষীয় বৈঠকের আগে চীনা প্রেসিডেন্টের এই মন্তব্য সামনে আসে।
বৈঠকে বাণিজ্য, প্রযুক্তিগত প্রতিযোগিতা—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)—এবং ইরানের প্রতি বেইজিংয়ের কূটনৈতিক ও অর্থনৈতিক সমর্থনসহ বিভিন্ন জটিল বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়, শি জিনপিং ট্রাম্পের সঙ্গে চীন-যুক্তরাষ্ট্রের দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পরিস্থিতির বিভিন্ন দিক নিয়ে গভীর আলোচনা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
তিনি বলেন, দুই দেশের উচিত সহযোগিতাকে প্রধান ভিত্তি হিসেবে নেওয়া, প্রতিযোগিতাকে সীমার মধ্যে রাখা এবং মতপার্থক্য নিয়ন্ত্রণযোগ্য পর্যায়ে রেখে শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করা। স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে উভয় দেশের একে অপরের পরিপূরক হিসেবে কাজ করা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্পের রাজনৈতিক স্লোগান ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’-এর প্রতি ইঙ্গিত করে শি বলেন, চীনা জাতির গৌরবময় পুনরুত্থান এবং ‘আমেরিকাকে আবার মহান করার’ লক্ষ্য একসঙ্গে এগিয়ে যেতে পারে।
দুই পরাশক্তি কীভাবে একসঙ্গে চলতে পারে, সে বিষয়ে উভয় পক্ষের একটি ‘সঠিক পন্থা তৈরি’ করা উচিত বলেও মন্তব্য করেন শি জিনপিং।
তিনি বলেন, দুই দেশের যৌথ প্রচেষ্টায় তাঁর সফর ফলপ্রসূ হবে এবং উভয় দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে। একই সঙ্গে এ সফর বিশ্ব শান্তির জন্য নতুন আশার সৃষ্টি করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
সূত্র: এএফপি
Posted ৭:২৮ এএম | বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।