ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

জলাবদ্ধতায় কুমিল্লায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

জাতীয় ডেস্ক   |   সোমবার, ১৩ জুলাই ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

জলাবদ্ধতায় কুমিল্লায় এইচএসসি পরীক্ষার কেন্দ্র পরিবর্তন

তীব্র জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের দুর্ভোগ বিবেচনায় কুমিল্লা নগরীর সরকারি মহিলা কলেজের এইচএসসি পরীক্ষাকেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশিষ্ট পরীক্ষাগুলো নগরীর ছাতিপট্টি এলাকায় অবস্থিত ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

সোমবার সন্ধ্যা ৬টার দিকে কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আহসান পারভেজ এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বোর্ডের অধীন ছয় জেলার মধ্যে শুধু কুমিল্লা সরকারি মহিলা কলেজ কেন্দ্রেই জলাবদ্ধতার কারণে বড় ধরনের সমস্যা সৃষ্টি হয়েছে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশের পর শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনায় অপেক্ষাকৃত উঁচু স্থানে কেন্দ্র স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সকালে কেন্দ্রে গিয়ে দেখা যায়, কোমরসমান পানি পেরিয়ে কিংবা নৌকায় করে পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করছেন। কলেজ ক্যাম্পাস প্রায় পুরোপুরি পানিতে তলিয়ে যায়। এ সময় কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপুকে নৌকা, ভ্যান ও রিকশার মাধ্যমে পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছাতে সহযোগিতা করতে দেখা যায়।

পরীক্ষা শেষে কেন্দ্র পরিবর্তনের ঘোষণা দেওয়া হলে কয়েকজন অভিভাবক আপত্তি জানান। পরে বিকেলে শিক্ষা বোর্ডের জরুরি বৈঠকে কেন্দ্র পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

অধ্যাপক আহসান পারভেজ বলেন, আগামী দিনগুলোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরীক্ষার্থীদের নিরাপত্তা ও দুর্ভোগ কমাতেই কেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পরীক্ষার্থীদের অভিযোগ, জলাবদ্ধতার কারণে অনেকেই সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেননি। ফলে এমসিকিউ অংশে তারা অতিরিক্ত সময় পাননি। যদিও সৃজনশীল অংশে ৩০ মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছিল, তবে তা এমসিকিউ অংশের সময়ের ঘাটতি পূরণ করতে পারেনি।

সরকারি মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন জানান, এ কেন্দ্রে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের এক হাজার ৩০৯ জন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছেন। নিচতলার একটি কক্ষে পানি ঢুকে পড়ায় সেটি অন্য তলায় স্থানান্তর করা হয়। বোর্ডের নির্দেশনা অনুযায়ী অবশিষ্ট পরীক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ভাষাসৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, শিক্ষা বোর্ডের কর্মকর্তারা কেন্দ্র পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় বেঞ্চ-টেবিল সরবরাহ করা হলে অবশিষ্ট পরীক্ষাগুলো নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হবে।

কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু জানান, জলাবদ্ধতার মধ্যে নৌকায় করে পরীক্ষার্থীদের কেন্দ্রে নেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তিনি ফোন করে সার্বিক পরিস্থিতির খোঁজ নেন। পরিস্থিতি মোকাবিলায় নেওয়া পদক্ষেপ এবং পরীক্ষাকেন্দ্র পরিবর্তনের সিদ্ধান্ত সম্পর্কেও তাকে অবহিত করা হয়েছে।

Facebook Comments Box

Posted ৫:৫১ এএম | সোমবার, ১৩ জুলাই ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।