নিজস্ব প্রতিবেদক | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 14 বার পঠিত

ফেনীতে অস্থায়ী চেকপোস্টে তল্লাশি চালানোর সময় ট্রাকের ধাক্কায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্য মো. আলমগীর (৪৬) নিহত হয়েছেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে এসআরবি-৭-এর ফেনী ক্যাম্পে ওয়ারেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। এ ঘটনায় ট্রাকচালক মো. সজীবও আহত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর রেল ক্রসিং সংলগ্ন চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আলমগীর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার শান্তিবাগ গ্রামের মৃত নুর উদ্দিন আহমেদের ছেলে। আহত ট্রাকচালক সজীব বরিশালের বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর গ্রামের সালাম গাজীর ছেলে।
মহিপাল হাইওয়ে পুলিশ জানায়, মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালাচ্ছিল এসআরবির একটি দল। এ সময় একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করা হচ্ছিল। পাশাপাশি আরেকটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়।
তবে সংকেত অমান্য করে ট্রাকটি দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। এ সময় কাভার্ডভ্যানটিকে ধাক্কা দেওয়ার পর রাস্তার বাম পাশে থাকা এসআরবি সদস্য আলমগীরকে চাপা দেয় ট্রাকটি। পরে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গর্তে পড়ে যায়।
খবর পেয়ে ৯৯৯-এর মাধ্যমে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তারা গুরুতর আহত আলমগীর ও ট্রাকচালক সজীবকে উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে আলমগীরকে মৃত ঘোষণা করেন। আহত সজীব বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন।
মহিপাল হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) নোমান বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ট্রাক ও কাভার্ডভ্যানটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Posted ৭:২৬ এএম | রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।