নিজস্ব প্রতিবেদক | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 11 বার পঠিত

গাজীপুরে আবাসিক গ্যাস সংযোগ ব্যবহার করে বাণিজ্যিকভাবে হোটেল-রেস্তোরাঁয় রান্না করায় পাঁচটি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ ঘটনায় তিনটি হোটেল ও রেস্টুরেন্টের সংশ্লিষ্ট পাঁচজনকে মোট ৩ লাখ ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৭ অক্টোবর) তিতাস গ্যাস ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে গাজীপুরের ভূঁইয়া পাড়া, ডুয়েট ছায়াতরু রোড ও শিমুলতলী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে তিতাস গ্যাস গাজীপুর অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী মোস্তফা মাহবুব জানান, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) পার্শ্ববর্তী ভূঁইয়া পাড়া এলাকায় আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে বিসমিল্লাহ হোটেল-১ ও ২-এর রান্না পরিচালনা করা হচ্ছিল। এ ঘটনায় দুই ব্যবহারকারীকে মোট ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া ডুয়েট ছায়াতরু রোড এলাকায় জান্নাত হোটেলে আবাসিক গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহার করে রান্না করায় দুজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
শিমুলতলী এলাকায় হান্ডি বিফ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টেও একইভাবে আবাসিক গ্যাস ব্যবহার করে বাণিজ্যিকভাবে রান্না করায় একজন ব্যবহারকারীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে আবাসিক শ্রেণির মোট পাঁচটি দ্বিমুখী গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব সংযোগের মোট লোড ছিল ঘণ্টায় ১০৫ ঘনফুট।
সংশ্লিষ্টরা জানান, আবাসিক সংযোগের গ্যাস বাণিজ্যিক কাজে ব্যবহারের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
Posted ১০:২১ এএম | বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।