নিজস্ব প্রতিবেদক | রবিবার, ২৪ মে ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

বিশ্বকাপ ফুটবলের মেগা আসর শুরু হতে বাকি আর মাত্র ১৮ দিন। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে এবারই প্রথম ৪৮টি দল নিয়ে বসছে বিশ্বমঞ্চের এই মহাযজ্ঞ। তবে মাঠের লড়াই শুরুর আগেই ফর্ম ও ফিটনেস নিয়ে দুশ্চিন্তায় আছেন বিশ্ব ফুটবলের বেশ কয়েকজন বড় তারকা। সব শঙ্কা ও প্রত্যাশার চাপ মাথায় নিয়ে ফুটবল বিশ্ব মাতাতে প্রস্তুত ৫ মহাতারকা।
কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স): আসন্ন বিশ্বকাপেই ইতিহাসের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সুযোগ ২৬ বছর বয়সী কিলিয়ান এমবাপ্পের সামনে। তবে রিয়াল মাদ্রিদে কিছুটা অম্ল-মধুর সময় পার করে আটলান্টিক পাড়ি দিচ্ছেন ফরাসি তারকা। রিয়ালে যোগ দেওয়ার পর প্রচুর গোল করলেও বড় কোনো শিরোপার স্বাদ পাননি এখনও। এমনকি মৌসুমের শেষ দিকে হ্যামস্ট্রিংয়ের চোটে থাকা অবস্থায় ছুটিতে যাওয়ায় তার নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
তবে আন্তর্জাতিক মঞ্চের চেনা পরিবেশে এমবাপ্পের দুর্দান্তভাবেই ফিরে আসতে পারে। ২০১৮ বিশ্বকাপে টিনেজার হিসেবে আলো ছড়িয়ে ফ্রান্সকে বিশ্বকাপ জিতিয়েছিলেন। আর গত আসরে ফাইনালে হ্যাটট্রিকসহ করেছিলেন ৮ গোল। বিশ্বকাপে জার্মানির মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ ১৬ গোলের রেকর্ড স্পর্শ করতে এমবাপ্পের প্রয়োজন আর মাত্র ৪টি গোল।
আর্লিং হ্যালন্ড (নরওয়ে): দীর্ঘ ২৮ বছরের খরা কাটিয়ে অবশেষে নরওয়েকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছেন আর্লিং হ্যালন্ড। ফলে প্রথমবার বড় কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে নিজের জাত চেনানোর সুযোগ পাচ্ছেন ম্যানচেস্টার সিটির এই গোল-মেশিন। বাছাইপর্বে নরওয়ের দুর্দান্ত অভিযানের পথে ইতালির বিপক্ষে দুটি হ্যাটট্রিকসহ মাত্র ৮ ম্যাচে ১৬টি গোল করেছেন তিনি। এর ফলে দেশের হয়ে মাত্র ৪৯ ম্যাচে তার আন্তর্জাতিক গোলসংখ্যা দাঁড়িয়েছে ৫৫-তে!
মার্টিন ওডেগার্ডের মতো তারকাদের নিয়ে গড়া নরওয়ের এই ‘স্বর্ণালী প্রজন্ম’এর প্রধান পোস্টার বয় হ্যালন্ড। তবে গ্রুপ ‘আই’তে ফ্রান্স ও আফ্রিকান চ্যাম্পিয়ন সেনেগালের মতো শক্তিশালী প্রতিপক্ষের বাধা টপকাতে হলে হ্যালন্ডকে তার ক্যারিয়ারের সেরা ফর্মে থাকতে হবে।
ভিনিসিয়ুস জুনিয়র (ব্রাজিল): দীর্ঘ চোট কাটিয়ে নেইমারের প্রত্যাবর্তনে রোমাঞ্চ ছড়াচ্ছে ব্রাজিলিয়ানদের। তবে সেলেসাওদের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন মূলত নির্ভর করছে ভিনিসিয়ুস জুনিয়রের পারফরম্যান্সের ওপর। বিশ্বকাপ ভিনিসিয়ুসকে ব্রাজিলের জাতীয় বীর হওয়ার এবং তার কাঙ্ক্ষিত ‘ব্যালন ডি’অর’ জয়ের সেরা সুযোগ করে দিচ্ছে। যদিও ক্লাবের তুলনায় ব্রাজিলের জার্সিতে ভিনির রেকর্ড কিছুটা মলিন। গত বিশ্বকাপে করেছিলেন মাত্র ১ গোল এবং দেশের হয়ে ৪৭ ম্যাচে তার গোলসংখ্যা মাত্র ৮। এবার সেই অপবাদ ঘুচানোর মোক্ষম সুযোগ তার সামনে।
হ্যারি কেইন (ইংল্যান্ড): ইংল্যান্ডের অধিনায়ক ও সর্বকালের সর্বোচ্চ গোলদাতার জন্য বিশ্বজয়ের সম্ভবত এটাই শেষ সুযোগ। বায়ার্ন মিউনিখের হয়ে চলতি মৌসুমে ৫০ ম্যাচে ৫৮ গোল করে বুন্দেসলিগা জিতে বিশ্বকাপে আসছেন কেইন। থ্রি লায়ন্সরা বরাবরই ফেভারিট থাকলেও দেশের ৬০ বছরের শিরোপা খরা এখনো কাটেনি তাদের।
অতীতে ক্লাব মৌসুমের ক্লান্তির কারণে কেইনকে প্রায়ই আন্তর্জাতিক টুর্নামেন্টে চোট ও ফিটনেস সমস্যায় ভুগতে দেখা গেছে। তবে এবার বায়ার্ন আগেভাগেই বুন্দেসলিগা নিশ্চিত করায় কেইনকে কিছুটা বিশ্রামে রাখছে তারা। যা তাকে বিশ্বকাপে শতভাগ সতেজ রাখবে।
লামিনে ইয়ামাল (স্পেন): ইউরো ২০২৪ এ স্পেনের চ্যাম্পিয়ন হওয়ার নায়ক লামিনে ইয়ামালের বিশ্বকাপ মাতানোর স্বপ্ন এখন ঝুলছে তার হ্যামস্ট্রিং চোটের ওপর। গত ২২ এপ্রিল বার্সেলোনার হয়ে চোট পাওয়ার পর ১৮ বছর বয়সী এই বিস্ময়বালক আর মাঠে নামেননি। গুঞ্জন রয়েছে, গ্রুপ পর্বে কেপ ভার্দে ও সৌদি আরবের বিপক্ষে স্পেনের প্রথম দুটি ম্যাচে তাকে মাঠের বাইরে থাকতে হতে পারে।
চোটের আগে বার্সাকে টানা দ্বিতীয় লা লিগা জেতাতে ২৪ গোল করে অবিশ্বাস্য ফর্মে ছিলেন ইয়ামাল। স্প্যানিশ টিম ম্যানেজমেন্ট আশা করছে, নকআউট পর্বের আগেই পুরোপুরি ফিট ইয়ামালকে দলে পেয়ে বিশ্বজয়ের অভিযানে বড় শক্তি পাবে ‘লা রোহা’রা।
Posted ৩:৫২ এএম | রবিবার, ২৪ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।