ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

ডেস্ক রিপোর্ট   |   বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   9 বার পঠিত

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ মার্কিন নাগরিকসহ ইকুয়েডরের গোয়েন্দা প্রধান নিহত

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি-কন্টুগি, তার স্ত্রী স্টেফানি হলিহানসহ সাতজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন মার্কিন নাগরিকও রয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৩ মিনিটের দিকে কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

কেনিয়া বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, হেলিকপ্টারটি লইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে এওয়াসো নিয়রো নদীর দিকে পর্যটন ভ্রমণে যাচ্ছিল। পরে মাউন্ট ওলোলোকওয়ের বনাঞ্চলে হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ পাওয়া যায়। দুর্ঘটনাস্থলের ছবিতে ধ্বংসাবশেষ থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। খবর পেয়ে কেনিয়া রেড ক্রসের সদস্যরা সেখানে উদ্ধারকাজে অংশ নেন।

নিহত ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি-কন্টুগির বয়স ছিল ৪৪ বছর। ২০২৪ সালে তাকে দেশটির কৌশলগত গোয়েন্দা কেন্দ্রের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তার মৃত্যুতে শোক জানিয়েছে ইকুয়েডর সরকার। দেশটির সাবেক প্রেসিডেন্ট গুইলেরমো লাসোও সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল ইউরোকপ্টার ইসি১৩০ বি৪ মডেলের। এটি পরিচালনা করছিল কেনিয়ার প্রতিষ্ঠান লেডি লরি হেলিকপ্টার্স। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

নিহত পাঁচ মার্কিন নাগরিকের মধ্যে এনবিসি ইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ ছিলেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ। এক স্মারকলিপিতে প্রতিষ্ঠানটি তাকে ‘গভীরভাবে সম্মানিত নেতা এবং প্রিয় বন্ধু ও সহকর্মী’ হিসেবে স্মরণ করেছে।

নিহতদের মধ্যে মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তের নামও এসেছে। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন মার্কিন প্রতিনিধি কার্লোস আন্তোনিও জিমেনেজ। তবে নিহত অপর চার মার্কিন নাগরিকের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি।

প্রাথমিকভাবে জানানো হয়েছিল, হেলিকপ্টারটিতে ছয়জন পর্যটক ও একজন পাইলট ছিলেন। তবে দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

কেনিয়ায় সাম্প্রতিক বছরগুলোতে একাধিক হেলিকপ্টার দুর্ঘটনা ঘটেছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে নান্ডি কাউন্টিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ছয়জন নিহত হন। তাদের মধ্যে একজন সংসদ সদস্যও ছিলেন।

এর আগে, ২০২৪ সালে দেশটির সামরিক প্রধান জেনারেল ফ্রান্সিস ওমন্ডি ওগোলাসহ ১১ জন আরোহী একটি সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন। ওই ঘটনায় মাত্র দুজন প্রাণে বেঁচে যান। এছাড়া ২০২১ সালের জুনে রাজধানী নাইরোবির কাছে অবতরণের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে অন্তত ১০ সেনা নিহত হন।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ৬:২২ এএম | বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।