ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

উত্তাল সাগরে উল্টে গেল ফেরি, সাইপ্রাস উপকূলে নিহত ৮

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ৩১ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

উত্তাল সাগরে উল্টে গেল ফেরি, সাইপ্রাস উপকূলে নিহত ৮

উত্তর সাইপ্রাসের উপকূলে ভয়াবহ দুর্ঘটনায় একটি যাত্রীবাহী ফেরি ডুবে অন্তত আটজন নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় ফেরিটিতে ২৫৯ জন যাত্রী ও আটজন ক্রু ছিলেন। নিখোঁজদের উদ্ধারে তুরস্কের অংশগ্রহণে ব্যাপক অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় সময় শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পর্যটন শহর কিরেনিয়া থেকে তুরস্কের উদ্দেশে রওনা হয় ‘ফিলো জেট’ নামের ফেরিটি। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের কিছুটা পর যাত্রা শুরু করে এটি।

যাত্রার পরপরই দুটি বড় ঢেউয়ের কবলে পড়ে ফেরিটি। প্রথম ঢেউয়ের ধাক্কা সামলে ওঠার চেষ্টা করার সময় দ্বিতীয় ঢেউ আঘাত হানে। এতে ফেরিটিতে পানি ঢুকতে শুরু করে। পরে সেটি উল্টে গিয়ে পানিতে ডুবে যায়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হেলিকপ্টার ও কোস্টগার্ডের নৌযান পাঠানো হয়। তীরে উদ্ধার হওয়া যাত্রীদের জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত রাখা হয়। উত্তর সাইপ্রাসের পরিবহনমন্ত্রী এরহান আরিকলি জানিয়েছেন, প্রায় ১০০ জনকে এরই মধ্যে তীরে নেওয়া হয়েছে।

উদ্ধার অভিযানে স্থানীয় বাসিন্দারাও অংশ নেন। মুস্তাফা কোচ নামে এক ব্যক্তি নিজের নৌকা নিয়ে প্রায় ৬৫ জনকে উদ্ধার করেন। বিবিসিকে তিনি বলেন, দুর্ঘটনার দিন সমুদ্র ছিল বেশ উত্তাল। তাঁর মতে, এমন পরিস্থিতিতে সমুদ্র শান্ত না হওয়া পর্যন্ত ফেরিটির যাত্রা করা উচিত ছিল না।

কোচ আরও জানান, ফেরিটি শনিবার কিরেনিয়ায় পৌঁছানোর সময় এর সামনের অংশে কিছুটা ক্ষতি ছিল।

৪০ মিটার দীর্ঘ ও ১০ মিটার প্রশস্ত ‘ফিলো জেট’ একটি উচ্চগতির ফেরি। মেরিন ট্রাফিকের তথ্য অনুযায়ী, এটি তুরস্কের পতাকায় চলাচল করত। রবিবার সন্ধ্যায় পরিবহনমন্ত্রী এরহান আরিকলি জানান, ফেরিটি পুরোপুরি ডুবে গেছে।

এদিকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ফেরিটির ক্যাপ্টেন ও সাতজন ক্রুকে আটক করা হয়েছে। কোনো ধরনের অবহেলা ছিল কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।

উত্তর সাইপ্রাসের প্রধানমন্ত্রী উনাল উস্তেল বলেছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে। তদন্তে সামান্যতম অবহেলাও পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

ফেরিটি পরিচালনাকারী প্রতিষ্ঠান ফিলো দেনিজজিলিক দুর্ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছে। যাত্রীদের স্বজনদের তথ্য দেওয়ার জন্য একটি হটলাইন চালু করা হয়েছে। তবে ফেরিতে থাকা যাত্রীদের জাতীয়তা এবং আহতদের বর্তমান অবস্থা এখনও স্পষ্ট নয়।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান তুর্কি সাইপ্রিয়টদের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছেন।

১৯৭৪ সাল থেকে সাইপ্রাস দ্বীপটি বিভক্ত। উত্তর সাইপ্রাসের স্বঘোষিত তুর্কি প্রজাতন্ত্রকে শুধু তুরস্ক স্বীকৃতি দেয়। দ্বীপটির উত্তরাঞ্চলের প্রায় এক-তৃতীয়াংশ এই প্রশাসনের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: বিবিসি

Facebook Comments Box

Posted ৫:২৯ এএম | সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।