বিশ্ব ডেস্ক | শনিবার, ১৬ মে ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

ওয়াশিংটনে দুদিনব্যাপী আলোচনার পর ইসরায়েল ও লেবাননের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৫ দিন বাড়াতে সম্মত হয়েছে দুই পক্ষ। তবে বিবিসি বলছে, কাগজে-কলমে যুদ্ধবিরতির মেয়াদ বাড়লেও মাঠপর্যায়ের চিত্র সম্পূর্ণ ভিন্ন। গত ১৬ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ কোনো হামলা না চালালেও ইসরায়েল দেশটিতে বিমান ও স্থল অভিযান অব্যাহত রেখেছে। এ একতরফা হামলায় লেবাননে প্রতিনিয়ত বাড়ছে লাশের মিছিল, নতুন করে ঘরবাড়ি হারাচ্ছেন লাখ লাখ মানুষ।
এমনকি শনিবার যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর আনুষ্ঠানিক ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই লেবাননের হারুফ শহরে একটি বেসামরিক প্রতিরক্ষা কেন্দ্রে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে তিন স্বাস্থ্যকর্মীসহ অন্তত ছয় জন নিহত হন। এর আগে গত বুধবারও ইসরায়েলের হামলায় আট শিশুসহ ২২ জন লেবানিজ নাগরিক প্রাণ হারান।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত অন্তত দুই হাজার ৮৯৬ জন লেবানিজ নিহত হয়েছেন। এর মধ্যে যুদ্ধবিরতি চলাকালেই নিহত হয়েছেন ৬৫৭ জন।
ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, হিজবুল্লাহর ভবিষ্যৎ হামলা ঠেকাতে তারা দক্ষিণ লেবাননে একটি বাফার জোন বা নিরাপত্তা অঞ্চল তৈরি করতে চায়। আর এই অজুহাতে তারা গাজা উপত্যকার মতো দক্ষিণ লেবাননেও একের পর এক গ্রাম মাটির সঙ্গে মিশিয়ে দিচ্ছে।
আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলোর মতে, একদিকে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি দিয়ে অন্যদিকে বেসামরিক এলাকায় ইসরায়েলের এই একতরফা বোমাবর্ষণ আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।
এদিকে নতুন করে যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধির পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট বলেন, চলমান যুদ্ধবিরতি শেষ হওয়ার আগেই দুই দেশ নতুন করে এর মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। আশা করি, এটি সীমান্তে দীর্ঘস্থায়ী শান্তি ও প্রকৃত নিরাপত্তা ফিরিয়ে আনবে।
ওয়াশিংটনে হওয়া এ আলোচনাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেইটার। তবে এ আলোচনায় বসতে আপত্তি ছিল হিজবুল্লাহর। শেষ পর্যন্ত তাদের আপত্তি উপেক্ষা করে দেশের স্বার্থে লেবাননের প্রধানমন্ত্রী নওয়াফ সালামের নেতৃত্বাধীন সরকার ওই আলোচনায় অংশ নেয়।
Posted ৭:১৯ পিএম | শনিবার, ১৬ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।