ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ইয়ামালের ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে কী কমেন্ট করলেন নেইমার?

নিজস্ব প্রতিবেদক   |   বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫   |   প্রিন্ট   |   251 বার পঠিত

ইয়ামালের ইনস্টাগ্রাম পোস্টে গিয়ে কী কমেন্ট করলেন নেইমার?

চলতি মৌসুমে দারুণ পারফর্ম করছেন লামিন ইয়ামাল। রিয়াল মাদ্রিদকে হারিয়ে বার্সেলোনা জিতেছে তাদের মৌসুমের প্রথম শিরোপা, সে ম্যাচে সমতা ফেরানো গোলটা ছিল তার। এরপর বুধবার রাতে রিয়াল বেতিসের বিপক্ষেও তিনি করেছেন দারুণ এক গোল, করিয়েছেন আরও দুটো।

এমন ধারবাহিকতা তো আছেই, তার পায়ের কারুকাজ বিমোহিত করেছে গোটা বিশ্বকে। তার পারফর্ম্যান্স চোখে পড়েছে নেইমারেরও। ইয়ামালে তিনি এতটাই মুগ্ধ হয়েছেন যে, রিয়াল বেতিসের বিপক্ষে জয়ের পর বার্সা সেনসেশনের করা এক ইনস্টাগ্রাম পোস্টে কমেন্টও করে এসেছেন ব্রাজিল তারকা।

গেল মৌসুমে ইয়ামাল স্পেনকে জিতিয়েছিলেন ইউরো ২০২৪ শিরোপা। এমন পারফর্ম্যান্স দিয়ে তিনি নিজেও জিতেছিলেন গোল্ডেন বয় পুরস্কার। ১৭ বছর বয়সে তিনি বিশ্ব ফুটবলের অন্যতম বড় আকর্ষণে পরিণত হয়েছেন। 

কোচ হানসি ফ্লিকের অধীনে তার পারফর্ম্যান্স আরও শানিত হয়েছে। এতটাই যে নেইমারের মতো তারকার নজরেও চলে এসেছেন তিনি। 

বেতিসের বিপক্ষে সবশেষ ম্যাচে দারুণ পারফর্ম করেছেন তিনি। সে ম্যাচের পর ইনস্টাগ্রামে ম্যাচের ছবি দিয়ে পোস্ট করেন তিনি। সঙ্গে জুড়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান একটি গানও।

এরপরই ইয়ামালকে চমকে দেন নেইমার। তিনি তার পোস্টে গিয়ে কমেন্ট করেন, ‘তুমি তো খুব ব্রাজিলিয়ান! নাচতে থাকো পাগলা!’

লামিন ইয়ামালের জীবনটা শুরু হয়েছে লিওনেল মেসির সঙ্গে। ছোট বেলায় একটি ফটোশুটের জন্য মেসি তাকে বাথটাবে গোসল করিয়ে দিয়েছিলেন। তবে তা সত্ত্বেও নেইমারই তার আদর্শ। সেটা বেশ কয়েকবার সাক্ষাৎকারে জানিয়েছেনও। সেই নেইমারের কমেন্ট নিজের পোস্টে পেয়ে ইয়ামাল আত্মহারাই হবেন নিশ্চয়ই! 

তবে ইয়ামাল পারফর্ম্যান্স দিয়ে মেসি আর নেইমার দুজনকেই মনে করিয়ে দিচ্ছেন। সেটা সামাজিক যোগাযোগ মাধ্যম ঘুরলেই চোখে পড়ে। তার পক্ষে রায় দিয়েছেন মেসিরই সাবেক বার্সা সতীর্থ জেরার্ড দেলোফেউ। 

তিনি সবশেষ বার্সেলোনা-রিয়াল বেতিস কোপা দেল রের ম্যাচটা দেখে এসেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছিলেন এই বিষয়ে। বলেছিলেন, ‘ইয়ামাল কি মেসি আর নেইমারের মিশেল?’

তবে ইয়ামালের জীবন সবে শুরু। তিনি আরও অনেক কিছুই জিতবেন, সম্প্রতি এমনটাই অভিমত দিয়েছেন তার বার্সেলোনা সতীর্থ রাফিনিয়া। তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘ইয়ামাল অনেকগুলো ব্যালন ডি’অর জিততে যাচ্ছে। অন্তত তিনটি তো বটেই!’ রাফিনিয়ার কথাটা সত্যি হোক, তা খুব করেই চাইবে বার্সেলোনা। 

Facebook Comments Box

Posted ৩:১৬ পিএম | বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।