খেলাধুলা ডেস্ক | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে হেরে জেন্নারো গাত্তুসো বলেছিলেন, ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময় এখন নয়। তবে সিদ্ধান্ত নিতে খুব বেশি সময়ও নিলেন না তিনি। প্লে-অফ ফাইনালে হারের ঠিক দুই দিন পর ইতালির কোচের পদ থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ালেন এই কিংবদন্তি।
টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি। এই ব্যর্থতার জেরে ইতালিয়ান ফুটবলে এখন পদত্যাগের হিড়িক পড়েছে। জাতীয় দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের দায় কাঁধে নিয়ে গত বৃহস্পতিবারই পদত্যাগ করেছিলেন ইতালিয়ান ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) সভাপতি গাব্রিয়েলে গ্রাভিনা এবং জাতীয় দলের প্রতিনিধি দলের প্রধান (হেড অব ডেলিগেশন) জানলুইজি বুফন। এর ঠিক পরদিন এফআইজিসির পক্ষ থেকে গাত্তুসোর সরে দাঁড়ানোর বিষয়টিও নিশ্চিত করা হয়।
গত মঙ্গলবার বসনিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরে যায় ইতালি। তাতে ২০২৬ বিশ্বকাপে খেলার স্বপ্ন ধূলিসাৎ হয়ে যায় আজ্জুরিদের। পদত্যাগের পর এক বিবৃতিতে গাত্তুসো বলেছেন, ‘আমাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়ায়, ভারাক্রান্ত হৃদয়ে জাতীয় দলের দায়িত্বে আমার সময় শেষ বলে মনে করছি আমি।’
এবারের বিশ্বকাপ বাছাইপর্বে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে নরওয়ের বিপক্ষে হারের পর চাকরি হারান লুসিয়ানো স্পালেত্তি। যদিও মলদোভার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচেও ডাগআউটে ছিলেন তিনি। তার ছাঁটাইয়ের পরই ইতালির ত্রাতা হিসেবে দায়িত্ব নেন গাত্তুসো। তার অধীনে ঘুরে দাঁড়িয়ে বাছাইপর্বে টানা পাঁচ ম্যাচে জয় তুলে নেয় ইতালি। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচে আবারও নরওয়ের কাছে ৪-১ গোলে হেরে গেলে গ্রুপ রানার্সআপ হিসেবে প্লে-অফে খেলতে হয় তাদের।
প্লে-অফ সেমিফাইনালে নর্দান আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের টিকিটের সম্ভাবনা জোরালো করেছিল গাত্তুসোর দল। কিন্তু ফাইনালে বসনিয়ার বিপক্ষে হেরে বিশ্বমঞ্চে ফেরার অপেক্ষা আরও দীর্ঘায়িত হলো তাদের। এর আগে গত দুই বিশ্বকাপেও প্লে-অফে হেরে মূল পর্বের দর্শক হয়ে থাকতে হয়েছিল ইউরোপের পরাশক্তিদের।
Posted ৮:১১ এএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।