ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 16 বার পঠিত

বৃষ্টির কারণে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে পরিত্যক্ত হওয়ায় বড় ধাক্কা খেয়েছে আয়ারল্যান্ড। এর ফলে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে আইরিশদের। এখন বিশ্বকাপের মূল পর্বে খেলতে হলে তাদের বাছাইপর্বের কঠিন পথ পাড়ি দিতে হবে।
আইসিসি পুরুষ ওয়ানডে র্যাঙ্কিংয়ে ১২তম স্থানে থাকা আয়ারল্যান্ডের সরাসরি বিশ্বকাপে জায়গা নিশ্চিত করতে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজে ৫-০ ব্যবধানে জয়ের বিকল্প ছিল না। একই সঙ্গে ৩০ সেপ্টেম্বরের কাট-অফের আগে ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম দুটি ম্যাচে হারও প্রয়োজন ছিল।
তবে প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় সিরিজে ৫-০ ব্যবধানে জয়ের সুযোগ আর থাকছে না। ফলে সরাসরি বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙে গেছে আইরিশদের।
এখন আয়ারল্যান্ডকে ১০ দলের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নিতে হবে। এই বাছাইপর্বের চ্যাম্পিয়ন দল সরাসরি ২০২৭ বিশ্বকাপের মূল পর্বে জায়গা পাবে।
অন্যদিকে বাছাইপর্বে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ হওয়া দলগুলো বিশ্বকাপের প্রাথমিক পর্ব বা ‘সুপার সিরিজ’-এ খেলবে। সেখান থেকে সেরা দলটি ১২ দলের মূল পর্বে খেলার শেষ টিকিট অর্জন করবে।
২০ সেপ্টেম্বর ২০২৬ সালের ওয়ানডে র্যাঙ্কিং অনুযায়ী যৌথ আয়োজক দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া সর্বনিম্ন র্যাঙ্কিংধারী দুটি পূর্ণ সদস্য দেশ, ‘সিডব্লিউসি লিগ-২’ এবং ‘বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফ’ থেকে উঠে আসা চারটি করে দল এই বাছাইপর্বে অংশ নেবে।
প্লে-অফে খেলবে ‘সিডব্লিউসি লিগ-২’-এর তলানির চারটি দল এবং ‘চ্যালেঞ্জ লিগ’ থেকে উঠে আসা চারটি দল। যদিও প্লে-অফের চূড়ান্ত ফরম্যাট এখনো ঘোষণা করা হয়নি, তবে এটি বিশ্বকাপ বাছাইপর্বের আগেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে ‘চ্যালেঞ্জ লিগ’-এ ১২টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে রাউন্ড-রবিন পদ্ধতিতে খেলবে। প্রতিটি গ্রুপের সেরা দুটি দল বিশ্বকাপ কোয়ালিফায়ার প্লে-অফে জায়গা করে নেবে।
উল্লেখ্য, আয়ারল্যান্ড ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও জায়গা করে নিতে পারেনি। সেবার তারা বাছাইপর্বের ‘সুপার সিক্স’ থেকেই বিদায় নিয়েছিল।
Posted ৬:৪০ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।