নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 23 বার পঠিত

নোয়াখালীর আদালত প্রাঙ্গণ থেকে মায়ের কাছ থেকে ১৩ বছর বয়সী এক কিশোরীকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার ঘটনায় আবুল হোসেন রনি (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)। অভিযানে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান এসআরবি-১১ সিপিসি-৩-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও কোম্পানি কমান্ডার মিথুন কুমার কুণ্ডু।
এসআরবি জানায়, সোমবার (৫ অক্টোবর) রাত ৮টা ৩৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১১ সিপিসি-৩, নোয়াখালী এবং এসআরবি-৭ সিপিএসসি, চট্টগ্রামের যৌথ আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার পাশে কলোনি এলাকায় অভিযান চালায়। এ সময় ইউসুফ নামে এক ব্যক্তির ভাড়া বাসা থেকে আবুল হোসেন রনিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রনি নোয়াখালীর কবিরহাট উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রামের বাছেদের বাড়ির সালাউদ্দিনের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে মিথুন কুমার কুণ্ডু জানান, মামলার ভিকটিম স্থানীয় একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। রনি ও তার সহযোগীরা তাকে স্কুলে যাওয়ার পথে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ ঘটনায় ভিকটিমের মা গত ১৬ জুলাই নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল, নোয়াখালীতে মামলা করেন।
পরে ভিকটিম জান্নাতুল মাওয়া মুক্তা (১৩)-কে উদ্ধারের জন্য আদালত জেলা গোয়েন্দা শাখা, নোয়াখালীকে নির্দেশ দেন। একপর্যায়ে আসামিরা ভিকটিমকে আদালতে হাজির করলে তাকে ভিকটিম সাপোর্ট সেন্টার, চট্টগ্রামে পাঠানো হয়।
গত ১৩ সেপ্টেম্বর আদালত ভিকটিমকে তার মায়ের জিম্মায় দেন। আদালত থেকে ভিকটিমকে নিয়ে সিএনজিতে ওঠার সময় রনিসহ অন্য আসামিরা তাদের ঘিরে ফেলেন। অভিযোগ রয়েছে, তারা ভিকটিমকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে তার মা বাধা দেন। এ সময় আসামিরা তাকে কিল-ঘুষি মেরে রাস্তায় ফেলে দেন। পরে রনি তার গলা টিপে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগ করা হয়েছে।
একপর্যায়ে আসামিরা সিএনজি ও মোটরসাইকেলে করে ভিকটিমকে জোরপূর্বক তুলে নিয়ে অজ্ঞাত স্থানে চলে যান। পরে ভিকটিমের মা সুধারাম থানায় মামলা করেন।
মামলা দায়েরের পর জড়িত আসামিদের গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি বাড়ায় এসআরবি-১১ সিপিসি-৩। এরই ধারাবাহিকতায় বায়েজিদ বোস্তামী থানার পাশে কলোনি এলাকায় অভিযান চালিয়ে রনিকে গ্রেপ্তার করা হয়।
Posted ৯:৫২ এএম | মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।