জেলা প্রতিনিধি | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 75 বার পঠিত
নড়াইলের লোহাগড়ায় সুপারি গাছ লাগানো ও পানি দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে হাসানুর শেখ (৫৫) নামে এক কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার চাচাতো ভাই ও স্বজনদের বিরুদ্ধে। বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা পূর্বপাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে বসতবাড়ির সীমানায় লাগানো সুপারি গাছে পানি দিতে যান হাসানুর শেখ। এ সময় তার চাচাতো ভাই হাসদেল শেখ জমিতে গাছের ছায়া পড়ার বিষয়টি নিয়ে আপত্তি জানান। এ নিয়ে দুজনের মধ্যে শুরু হয় কথা-কাটাকাটি।
একপর্যায়ে বিরোধের জেরে হাসদেল শেখ, তার ছেলে মামুন শেখ ও আরমান শেখ, মেয়ে তাসলিমা খানমসহ সাত-আটজন দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হাসানুরের ওপর হামলা চালান। এ সময় তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়।
হাসানুরের চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে দ্রুত লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়ে যান। এ কারণে তাদের বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শরিফুল ইসলাম জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
Posted ৭:২৭ এএম | বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।