ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 25 বার পঠিত
ফুটবল মাঠে সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছুড়ে গুরুতর আহত করার ঘটনায় ইকুয়েডরের ফুটবলার জন পারলাজাকে আট বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। শাস্তি হিসেবে ফুটবল-সংশ্লিষ্ট সব ধরনের কার্যক্রম থেকে তাকে নিষিদ্ধ করেছে দেশটির ফুটবল ফেডারেশন (এফইএফ)।
বুধবার (১৯ নভেম্বর) এ নিষেধাজ্ঞার ঘোষণা দেয় ইকুয়েডরের ফুটবল ফেডারেশন। সংস্থাটি জানায়, পারলাজার ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হন সহকারী রেফারি লেনিন জিওভানি ওজেদা নুনিয়েজ। তার অস্ত্রোপচার করতে হয়। সুস্থ হয়ে উঠতে সময় লাগে প্রায় ৬০ দিন।
গত ১৭ অক্টোবর ইকুয়েডরের তৃতীয় বিভাগের ম্যাচে ঘটে এ ঘটনা। ক্লাব সিউদাদ দি ইয়ান্তজাজা ও ক্লাব রিও আগারসিওর মধ্যকার ম্যাচ চলাকালে সহকারী রেফারিকে লক্ষ্য করে পাথর ছোড়েন পারলাজা। এতে তিনি গুরুতর আহত হলে ম্যাচটি স্থগিত করা হয়।
ঘটনার তদন্ত শেষে শৃঙ্খলা কমিটি পারলাজাকে আট বছরের নিষেধাজ্ঞা দেয়। ফলে ২০৩৪ সালের ১৯ অক্টোবরের আগে ফুটবলে ফেরার সুযোগ নেই তার। এ নিষেধাজ্ঞা বিশ্বব্যাপী কার্যকর করতে ফিফার কাছে আবেদন জানাবে ইকুয়েডরের ফুটবল ফেডারেশন।
শুধু খেলোয়াড়ের শাস্তিতেই শেষ হয়নি বিষয়টি। ঘটনার দায়ে ক্লাব সিউদাদ দি ইয়ান্তজাজাকে ২ হাজার ডলার জরিমানা করা হয়েছে। পাশাপাশি আহত সহকারী রেফারির চিকিৎসার খরচ বাবদ আরও ৪ হাজার ৩৬৯ ডলার পরিশোধ করতে হবে ক্লাবটিকে।
এর আগে গত ২০ অক্টোবর এক বিবৃতিতে ঘটনার জন্য রেফারি দল ও সমর্থকদের কাছে ক্ষমা চেয়েছিল ইয়ান্তজাজা। ক্লাব কর্তৃপক্ষ জানায়, খেলাধুলার পরিবেশে মৌখিক কিংবা শারীরিক কোনো ধরনের আগ্রাসনই গ্রহণযোগ্য নয়। ঘটনার জন্য দায়ী ব্যক্তিকে শনাক্ত করে তাৎক্ষণিকভাবে দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলেও জানায় ক্লাবটি।
Posted ১২:২৫ পিএম | বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।