ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

আদমজী ইপিজেডে ফের ৪০ শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   14 বার পঠিত

আদমজী ইপিজেডে ফের ৪০ শ্রমিক অসুস্থ, কারখানায় ছুটি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডে টানা দ্বিতীয় দিনের মতো শ্রমিক অসুস্থ ও অজ্ঞান হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (২৩ আগস্ট) সকালে প্রায় ৪০ জন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে দিনের জন্য কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে কর্তৃপক্ষ।

অসুস্থ শ্রমিকদের কয়েকজনকে বেপজা হাসপাতাল, স্থানীয় আলিফ হাসপাতাল, সুগন্ধা হাসপাতাল ও নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শ্রমিকদের ভাষ্য, সকাল ৬টার দিকে কাজে যোগ দেওয়ার পর ৭টার দিকে কয়েকজন হঠাৎ অসুস্থতা অনুভব করেন। একপর্যায়ে কয়েকজন অজ্ঞান হয়ে পড়লে অন্য শ্রমিকদের মধ্যেও অসুস্থতা ছড়িয়ে পড়ে।

বিষয়টি জানতে পেরে কর্তৃপক্ষ দ্রুত অসুস্থদের চিকিৎসার ব্যবস্থা করে। পরে সকাল সাড়ে ৮টার দিকে কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

ইউনিভার্সেল মেনসওয়্যার লিমিটেডের জেনারেল ম্যানেজার (জিএম) বিল্লাল হোসেন বলেন, শনিবারের মতো রোববারও কাজে যোগ দেওয়ার পর কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে অসুস্থ শ্রমিকের সংখ্যা বাড়তে থাকায় কারখানা ছুটি ঘোষণা করা হয়। তবে শ্রমিকদের অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে শনিবার দুপুরের পর একই কারখানার শতাধিক নারী শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বিবেচনায় নির্ধারিত সময়ের আগেই সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শ্রমিকদের ছুটি দেওয়া হয়।

টানা দুই দিন একই কারখানায় শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে এখন পর্যন্ত অসুস্থতার প্রকৃত কারণ জানা যায়নি।

নারায়ণগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৪-এর ওসি (ইন্টেলিজেন্স) মো. আনোয়ারুল হক বলেন, প্রচণ্ড গরমের কারণে রোববারও বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়ায় কারখানাটি দিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে আদমজী ইপিজেডের নির্বাহী পরিচালক মো. আবদুর রহমান ভূঁইয়ার বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

Facebook Comments Box

Posted ৭:২২ এএম | রবিবার, ২৩ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।