ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 12 বার পঠিত

প্রতিকী ছবি
রাশিয়া ও চীনের সঙ্গে সম্ভাব্য আঞ্চলিক সংঘাতের আশঙ্কায় নতুন পারমাণবিক কৌশল প্রণয়নের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন)। মার্কিন সংবাদমাধ্যম এনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মার্কিন কর্মকর্তাদের দাবি, এই গোপনীয় পর্যালোচনার উদ্দেশ্য হলো প্রেসিডেন্টকে যুদ্ধ পরিস্থিতিতে আরও বিস্তৃত, বাস্তবসম্মত ও কার্যকর পারমাণবিক বিকল্প প্রদান করা এবং যুক্তরাষ্ট্রের বৈশ্বিক প্রতিরোধ সক্ষমতা আরও শক্তিশালী করা।
পেন্টাগনের নীতিবিষয়ক প্রধান এলব্রিজ কোলবির তত্ত্বাবধানে প্রস্তাবিত নতুন কৌশলে দূরপাল্লার কৌশলগত (স্ট্র্যাটেজিক) পারমাণবিক অস্ত্রের ওপর নির্ভরতা কমিয়ে স্বল্পপাল্লার ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্রের ব্যবহারকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে রাশিয়া বা চীনের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর ওপর সম্ভাব্য আঞ্চলিক হামলা মোকাবিলার সক্ষমতা বাড়াতেই এ পরিকল্পনা নেওয়া হয়েছে।
এই উদ্যোগ সামনে এলো যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে স্বাক্ষরিত ঐতিহাসিক নিউ স্টার্ট পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার ছয় মাস পর। ২০১০ সালে স্বাক্ষরিত এবং ২০২১ সালে নবায়ন করা এই চুক্তির আওতায় উভয় দেশের মোতায়েনকৃত পারমাণবিক ওয়ারহেড ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সংখ্যা নির্দিষ্ট সীমার মধ্যে রাখা হয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে চুক্তিটির কার্যকারিতা শেষ হলেও রাশিয়া জানিয়েছিল, যুক্তরাষ্ট্র আগ বাড়িয়ে পারমাণবিক সক্ষমতা বৃদ্ধি না করলে তারাও উত্তেজনা বাড়াবে না।
এর আগে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আরও এক বছরের জন্য চুক্তির শর্ত বজায় রাখার প্রস্তাব দিলেও ওয়াশিংটন আলোচনায় চীনকে অন্তর্ভুক্ত করার দাবি জানায়। তবে আনুমানিক ৬০০ পারমাণবিক ওয়ারহেডের অধিকারী চীন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে জানায়, বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রাগারের মালিক দেশগুলোরই নিরস্ত্রীকরণে প্রধান ভূমিকা নেওয়া উচিত। এর পরিপ্রেক্ষিতে রাশিয়া ন্যাটোর পারমাণবিক শক্তিধর সদস্য ফ্রান্স ও যুক্তরাজ্যকেও ভবিষ্যৎ চুক্তির আওতায় আনার দাবি তোলে।
এদিকে, রাশিয়াও সম্প্রতি তাদের পারমাণবিক নীতিতে পরিবর্তন এনে সতর্ক করেছে, কোনো অ-পারমাণবিক দেশ যদি কোনো পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের সহায়তায় হামলা চালায়, তবে সেটিকে যৌথ আক্রমণ হিসেবে বিবেচনা করা হবে। প্রয়োজনে দেশের সার্বভৌমত্ব রক্ষায় পারমাণবিক অস্ত্র ব্যবহারে মস্কো দ্বিধা করবে না বলেও জানিয়েছে।
সূত্র: আরটি।
Posted ৬:৫৭ এএম | বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।