ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: ছাই ৬০০ স্থাপনা, ঘরছাড়া ৬০ হাজার মানুষ

ডেস্ক রিপোর্ট   |   সোমবার, ০৩ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   13 বার পঠিত

ওয়াশিংটনে ভয়াবহ দাবানল: ছাই ৬০০ স্থাপনা, ঘরছাড়া ৬০ হাজার মানুষ

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। দ্রুত ছড়িয়ে পড়া আগুনের কারণে স্পোকেন এলাকার প্রায় ৬০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা বাতাসের কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনীকে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। স্পোকেন ও আশপাশের এলাকায় আগুনে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা পুড়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটনজুড়ে এখন পর্যন্ত প্রায় ৩৯০ বর্গমাইল এলাকা দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনের বেশ কয়েকটি দাবানল এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুনের ঝুঁকি থাকায় স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীদেরও অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।

স্থানীয় ভিডিওচিত্রে দেখা গেছে, আগুনে একের পর এক ভবন জ্বলছে, আবাসিক এলাকার ওপর ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়েছে। অনেক বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়ে শুধু ধ্বংসাবশেষ পড়ে রয়েছে।

মার্কিন সিনেটর মারিয়া ক্যান্টওয়েল বলেন, “আমরা এখনও বিপদমুক্ত নই। আগামী কয়েক দিন খুবই কঠিন হতে পারে।”

এদিকে পশ্চিম আইডাহো ও পূর্ব ওরেগনেও একাধিক দাবানল সক্রিয় রয়েছে। এসব এলাকায় প্রায় ৫২৫ বর্গমাইল (প্রায় ১ হাজার ৩৬০ বর্গকিলোমিটার) তৃণভূমি পুড়ে গেছে। ৬০০টির বেশি বাড়ি ও প্রায় ৮০০টি স্থাপনা হুমকির মুখে রয়েছে।

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহজুড়ে ওই অঞ্চলে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩২ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়ে যেতে পারে। কর্মকর্তাদের ধারণা, বজ্রপাত থেকেই কয়েকটি দাবানলের সূত্রপাত হয়েছে।

দাবানলের কারণে পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি কয়েকটি এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকি ও তীব্র তাপপ্রবাহের সতর্কতাও দেওয়া হয়েছে।

স্পোকেন এলাকায় বর্তমানে ওল্ড ট্রেইলস ফায়ার, ফেয়ারভিউ ফায়ার ও মেডোভিউ ফায়ার—এই তিনটি বড় দাবানল সক্রিয় রয়েছে। আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের সঙ্গে হেলিকপ্টার ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

উচ্ছেদ হওয়া মানুষের জন্য স্পোকেনের প্রধান কনভেনশন সেন্টারে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এদিকে বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাভিস্তা করপোরেশন জানিয়েছে, দাবানলের কারণে একসময় প্রায় ৩০ হাজার মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়লেও পরে তা কমে প্রায় ১০ হাজারে নেমে আসে।

কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী কয়েক দিন পরিস্থিতি আরও কঠিন হতে পারে। তাই ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।
সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

Posted ৮:১৩ এএম | সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।