খেলাধুলা ডেস্ক | রবিবার, ২১ জুন ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

কাতার বিশ্বকাপের শিরোপা জয় উদযাপন করতে ২০২৩ সালে কয়েকটি প্রীতি ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। মার্চ মাসে হওয়া দ্বিতীয়টি ছিল কুরাসাওয়ের সঙ্গে। সেই ম্যাচে মেসিদের দেওয়া সাতটি গোল ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন এলয় রম।
স্প্যানিশ গণমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, প্রায় তিন বছর পর এবারের বিশ্বকাপে রম ইকুয়েডরের বিপক্ষে একটি, দুটি বা সাতটি নয়, ঠেকিয়ে দিয়েছেন ১৫টি গোল। এমন দিনেও তিনি স্মরণ করেছেন আর্জেন্টিনার বিপক্ষে ২০২৩ সালের সেই ম্যাচটির কথা। বিশেষ করে সেই ম্যাচে হ্যাটট্রিক করা লিওনেল মেসির কথা।
আর্জেন্টিনার জার্সিতে কুরাসাওয়ের বিপক্ষে ওই প্রীতি ম্যাচে শততম গোল করেছিলেন মেসি। তবে ম্যাচের স্মরণীয় মুহূর্তটি ছিল খেলা শেষ হওয়ার পর। আর্জেন্টিনার খেলোয়াড়রা যখন দর্শকদের সঙ্গে উদযাপনে ব্যস্ত, তখন মেসি নিজে এগিয়ে গিয়ে রমকে জার্সি বিনিময়ের প্রস্তাব দেন।
আধুনিক ফুটবলে এমন ঘটনা খুবই বিরল, কারণ বেশিরভাগ খেলোয়াড় ম্যাচ শেষে ড্রেসিংরুমে জার্সি বদল করেন। ধারণা করা হয়, আর্জেন্টিনার জার্সিতে নিজের ১০০তম গোলের স্মারক হিসেবে গোলরক্ষকের জার্সিটি নিজের কাছে রাখতে চেয়েছিলেন মেসি।
কিন্তু রমের কাছে ওই মুহূর্তটির মূল্য ছিল আরও বেশি। নেদারল্যান্ডসে জন্ম নেওয়া রম সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের আনন্দ প্রকাশ করে লিখেছিলেন, ‘স্বপ্ন সত্য হলো।’
শনিবার ইকুয়েডরের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর আর্জেন্টাইন গণমাধ্যম ওলে-কে সাক্ষাৎকার দিয়েছেন রম। তখন তিনি মেসির প্রসঙ্গ টানেন।
রম বলেন, ‘মেসির বিপক্ষে ম্যাচটি সত্যিই বিশেষ ছিল। তিনি আমার জার্সিও চেয়েছিলেন। এটি ছিল ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত। ইকুয়েডরের বিপক্ষের ম্যাচটিও অবিশ্বাস্য ছিল। কিন্তু এই জার্সি আমি কাউকে দেব না। এটি নিজের কাছেই রাখব।’
Posted ১০:২১ এএম | রবিবার, ২১ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।