খেলাধুলা ডেস্ক | শনিবার, ০৯ মে ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

আজ বাদে কাল এল ক্ল্যাসিকো। অথচ এই ম্যাচের আগে কিনা তুষের আগুন জ্বলছে রিয়াল মাদ্রিদ শিবিরে! গত বৃহস্পতিবার অনুশীলনে ফেদেরিকো ভালভার্দেকে ঘুষি মেরে হাসপাতালে পাঠিয়েছেন আরেলিও চুয়েমেনি। এর আগে এন্টিনিও রুডিগার চড় মেরেছেন আলভারো ক্যারেরাসকে। এই মারামারি নিয়ে রিয়াল শিবিরে যখন জেরবার অবস্থা, তখন আবার নাটকে নতুন টুইস্ট যোগ করেছেন দুই তারকা খেলোয়াড়ের পিতা। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের কাছে ওই দুই অভিভাবক অভিযোগ করেছেন, তাদের সন্তানদের পর্যাপ্ত সময় খেলানো হচ্ছে না। দলের এই অবস্থায় এমবাপ্পে বান্ধবী নিয়ে ইতালিতে ছুটি কাটাতে গেছেন; যা নিয়ে চলছে তুমুল সমালোচনা।
টানা দুই মৌসুম ট্রফিবিহীন অবস্থায় শেষ করতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ; যার প্রভাব পড়েছে দলের অভ্যন্তরীণ পরিবেশে। স্প্যানিশ গণমাধ্যম সূত্রে জানা গেছে, তিন দিন আগে অনুশীলনে একটি ফাউলের ঘটনাকে কেন্দ্র করে ভালভার্দে ও চুয়েমেনি উত্তপ্ত বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে একে অপরকে ধাক্কাও মারেন। এর সূত্র ধরেই গত বৃহস্পতিবার অত্যন্ত গুরুতর সংঘাতে জড়িয়ে পড়েন তারা। দ্বিতীয় দফার লড়াই থামাতে অন্যদের হস্তক্ষেপ করতে হয়। পরিস্থিতি এতটাই সহিংস হয়ে উঠেছিল যে ভালভার্দেকে শেষ পর্যন্ত হাসপাতালে নিতে হয়েছে।
স্প্যানিশ দৈনিক ‘এল মুন্ডো’র খবর, চুয়েমেনির ঘুষিতে ভালভার্দের কপালে ব্যান্ডেজ করতে হয়েছে। তবে ‘মার্কা’ জানিয়েছে, তর্কাতর্কির একপর্যায়ে ভালভার্দে পড়ে গিয়ে কপালে আঘাত পেয়েছেন। চুয়েমেনি তাঁকে শারীরিকভাবে আঘাত করেনি। ভালভার্দেও বিবৃতি দিয়ে জানিয়েছেন, দুজনের মধ্যে তর্কাতর্কির একপর্যায়ে অসাবধানতাবশত একটি টেবিলের কোনায় মাথা লেগে আঘাত পেয়েছেন তিনি। এতে কপালে সামান্য কেটে যাওয়ায় হাসপাতালে যেতে হয়েছে। চুয়েমেনি তাঁকে আঘাত করেননি।
নজিরবিহীন এই ঘটনার পরই ড্রেসিংরুমের ভেতর জরুরি বৈঠক ডাকা হয় এবং বিশৃঙ্খলা এড়াতে দীর্ঘক্ষণ কোনো খেলোয়াড়কে ট্রেনিংগ্রাউন্ড ত্যাগ করতে দেওয়া হয়নি। বিব্রতকর এ ঘটনাকে ক্লাবের অভ্যন্তরীণ অস্থিরতার একটি বড় ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে; যা এখন পুরো দলের মধ্যে বিভাজন তৈরি করেছে। ক্লাব কর্তৃপক্ষ এই গুরুতর শৃঙ্খলা ভঙের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া কথা ভাবছে। ভালভার্দে ও চুয়েমেনির বিরুদ্ধে ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে রিয়াল। এই আঘাত থেকে সেরে উঠতে কমপক্ষে ১০ থেকে ১৪ দিন বিশ্রামে থাকতে হবে ভালভার্দেকে; যার মানে, রোববারের এল ক্ল্যাসিকোতে উরুগুয়ের মিডফিল্ডারকে পাচ্ছে না রিয়াল।
এই ম্যাচ জিতলেই লা লিগা শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার। অথচ এর আগে রিয়াল শিবিরে এই অশান্তি। শুধু খেলোয়াড়দের মধ্যে মারামারিই নয়, কোচের সঙ্গেও নাকি খেলোয়াড়দের বিরোধ তুঙ্গে উঠেছে। কোচ আলভালো আরবেলোয়ার সঙ্গে নাকি ছয় ফুটবলার কথা বলেন না। এই পরিস্থিতিতে এল ক্ল্যাসিকোতে কতটুকু কী করতে পারবে তারা!
Posted ১০:১৭ এএম | শনিবার, ০৯ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।