নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪ | প্রিন্ট | 258 বার পঠিত
একাদিক্রমে দ্বিতীয়বারের ন্যায় সাফ ফাইনালে শিরোপা জয়ের যেই গৌরব বাংলাদেশ নারী ফুটবল দল অর্জন করিয়াছে, উহা ঐতিহাসিক ও অবিস্মরণীয়। দুই বৎসর পূর্বের সেই রূপকল্পই যেন পুনর্বার মঞ্চস্থ হইল বুধবার। কাঠমান্ডুতে অনুষ্ঠিত নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালকে ২-১ গোলে পরাজিত করিবার মধ্য দিয়া পুনরায় প্রমাণ হইল– উপযুক্ত পরিবেশে বাংলাদেশ দল কতখানি অদম্য হইয়া উঠিতে পারে। ক্রীড়ামোদী প্রধান উপদেষ্টা যথার্থই বলিয়াছেন, ইহা নারী ফুটবল দলের বিশাল অর্জন এবং যাহার জন্য জাতি গর্বিত। বস্তুত নারী ফুটবল দল যে উত্তম ক্রীড়ার ধারাবাহিকতা রক্ষা করিয়া আসিতেছে– ইহাই তাহার প্রমাণ। আমাদের স্মরণে রহিয়াছে, ২০২১ সালের ডিসেম্বরে অনূর্ধ্ব-১৯ সাফ নারী চ্যাম্পিয়নশিপেও শিরোপা জয় করিয়াছিল বাংলাদেশ। ইহার পূর্বে বয়সভিত্তিক সাফে ২০১৭ ও ২০১৮ সালেও চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। সর্বশেষ অর্জন মিলিয়া ইহা বলিতেই হইবে, বাংলাদেশের নারী ফুটবল বিশেষ উচ্চতায় উপনীত, যাহা বাঙালির উদযাপনের অসাধারণ উপলক্ষ।
নারী ফুটবল দল ক্রীড়ায় যেই নৈপুণ্য প্রদর্শন করিয়াছে, উহাও উল্লেখযোগ্য। বুধবারের ফাইনাল খেলা ছিল চরম উত্তেজনাপূর্ণ। ৫৫ মিনিটে নেপাল ম্যাচের সমতা ফিরাইবার পর সেই উত্তাপ বৃদ্ধি পাইলেও অবশেষে ৮০ মিনিটে ঋতুপর্ণার অসাধারণ এক গোলে অগ্রসর হয় বাংলাদেশ। শেষ পর্যন্ত তাঁহার গোলেই নির্ধারিত হয় শিরোপাভাগ্য এবং ম্যাচসেরার পুরস্কারও অর্জন করেন ঋতুপর্ণা। তবে জয় ছিল সমগ্র দলেরই কৃতিত্ব। আমাদের নারী ফুটবল দলের খেলোয়াড়দের মধ্যে যেই বৈচিত্র্য, উহাও সামাজিক সম্প্রীতির কথাই বলিতেছে। দলটি যদ্রূপ আমাদের শক্তি ও সম্ভাবনার কথা বলিতেছে, তদ্রূপ নারীর অগ্রসরের বার্তাও সুস্পষ্ট। নারীর প্রতি বৈষম্য, সকল মন্তব্য উপেক্ষা করিয়া প্রত্যন্ত অঞ্চল হইতে যেইভাবে ফুটবলাররা কেন্দ্রে আসন লইয়াছেন, উহাই আমাদের সমাজ ও রাষ্ট্রের প্রায় সর্বক্ষেত্রে নারীর শক্তিশালী অবস্থানের সাক্ষ্যবহ। ইহার সহিত অর্থনীতিতেও তাহাদের গুরুত্বপূর্ণ অবদান লক্ষণীয়।
দুঃখজনক হইলেও সত্য, নারী ফুটবল দলের এত কৃতিত্ব থাকিবার পরও উহারা নানান দিক হইতে বঞ্চিত। ছেলেদের অপেক্ষা মেয়েদের অসাধারণ সকল অর্জনের পরও বাড়তি মূল্যায়ন দূরে থাকুক; দুই মাস ধরিয়া বকেয়া প্রাপ্য বেতন। বলিবার অবকাশ নাই, বাঙালির জাতীয় খেলা ফুটবল জাতীয়ভাবে যেইভাবে গুরুত্বের দাবিদার, সেইভাবে পাইতেছে না। নারী ফুটবলারের ক্ষেত্রে সেটি আরও নির্মম সত্য। বিশেষ করিয়া ক্রিকেটের তুলনায় ফুটবলে বিনিয়োগ কিংবা বৎসরব্যাপী ফুটবল লিগ আয়োজন এবং দেশের প্রত্যন্ত অঞ্চলে ফুটবলকে ছড়াইয়া দিবার কাজটি অসম্পূর্ণই রহিয়াছে। অথচ বাংলাদেশের ফুটবলের গৌরবোজ্জ্বল যেই অধ্যায় ছিল এবং মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীন বাংলা ফুটবল দল গৌরবের যেই ইতিহাস তৈয়ার করিয়াছিল, এইবারের সাফ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপা জয় আমাদের সেই কথাই স্মরণ করাইয়া দিতেছে। কিন্তু ধারাবাহিকতা বজায় রাখিতে হইলে অবশ্যই ফুটবলারদের মূল্যায়নের ব্যবস্থা করিতে হইবে। শুধু দেশে আসিবার পর উন্মুক্ত বাসে সংবর্ধনায় বিষয়টির সুরাহা হইবে না। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা যথার্থই বলিয়াছেন, নারী দল যথাযথ মনোযোগ পাইলে আরও ভালো করিবে এবং দেশের জন্য আরও বড় অর্জন লইয়া আসিতে পারিবে।
অনস্বীকার্য, বিশ্বে ফুটবল খেলুড়ে দেশের সংখ্যা অনেক বেশি বলিয়া পরিকল্পিতভাবে ফুটবল গুরুত্ব পাইলে বাংলাদেশের গর্বের পরিচয় আরও উজ্জ্বল হইবে। সাফ চ্যাম্পিয়নশিপে নারী ফুটবলারদের বিজয় এই ক্ষেত্রে আমাদের আরও আশান্বিত করিয়াছে। এই অর্জনে আমরা সমকালের পক্ষ হইতে নারী ফুটবল দলের সকলকে অভিনন্দন জানাই।
Posted ২:০৪ পিএম | শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।