বিশ্ব ডেস্ক | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 106 বার পঠিত

সৌদি আরবের রোজাদাররা খেজুর, পানি বা দুধ এবং বিভিন্ন ধরনের জুস পান করে ইফতার শুরু করেন। স্থানীয়ভাবে এই রীতিকে ‘ফাক আল-রিক’ (রোজা ভাঙা) বলা হয়। এরপর রমজান মাসের ঐতিহ্য মেনে বিভিন্ন পদের খাবার খান দেশটির বাসিন্দারা। তবে প্রদেশের রন্ধনশৈলী ও সংস্কৃতি ভেদে তা আলাদা হয়।
দেশটির গণমাধ্যম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট সৌদিপিডিয়ার তথ্য অনুযায়ী, সামোসা বা সাম্বুসা সৌদি আরবের একটি ঐতিহ্যবাহী খাবার। বিশেষ করে মক্কা আল-মুকাররমা এবং আল-মদিনা আল-মুনাওয়ারা প্রদেশে এর ব্যাপক প্রচলন আছে। এটি রমজান মাসের ইফতার টেবিলের অবিচ্ছেদ্য অংশ। সৌদি সমাজে সাম্বুসা এতটাই জনপ্রিয় যে, এটি এখন রমজানের অন্যতম প্রধান অনুষঙ্গে পরিণত হয়েছে।
সোবিয়া নামের এক ধরনের পানীয় জেদ্দা, মক্কা ও মদিনার ইফতার টেবিলে বেশি দেখা যায়। গরম পানীয়র মধ্যে কফি বা ‘কাহওয়া’ সবচেয়ে উল্লেখযোগ্য। রেস্তোরাঁ ও ফুড কার্টগুলোতে বেশি বিক্রি হয় কলিজা ভুনা, বালিলা (সিদ্ধ ছোলা), সোনালি ভুট্টার দানা ও বিভিন্ন স্বাদের পানীয়।
রাজধানী রিয়াদের বাসিন্দারা সাধারণত জমজমের পানি, খেজুর, দই ও কফি দিয়ে ইফতার শুরু করেন। প্রধান খাবারগুলোর মধ্যে আছে মারকুক, মাতাতিজ ও জারেস। পাশাপাশি উটের মাংস (স্থানীয়ভাবে যা হাশি নামে পরিচিত), সাম্বুসা, কাতায়েফ ও লুকাইমাত পরিবেশন করা হয়।
মদিনা আল-মুনাওয়ারায় রমজানের ইফতারে অন্যতম প্রধান পদ হলো ‘আল-হাব’ স্যুপ। এর সঙ্গে থাকে ভাজাপোড়া খাবার। জাজান প্রদেশের বাসিন্দারা তাদের ইফতার টেবিলে মাছের একটি বিশেষ পদ রাখেন যা ‘ফিশ মাকশান’ নামে পরিচিত। এছাড়া থাকে মুগাশ। এটি মাংস, আলু, টমেটো ও ঝিঙে দিয়ে তৈরি।
জেদ্দা শহরে ইফতারে ফাভা বিনস বা ডাল জাতীয় একটি পদ প্রধান হিসেবে থাকে। অন্যদিকে ‘দাবিয়াজাহ’ হলো জেদ্দা, মক্কা ও মদিনার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি মিষ্টান্ন। এটি মূলত রমজানের শেষ দিকে তৈরি করা হয়, ঈদের দিন সকালে খাওয়ার জন্য।
Posted ৩:০৫ পিএম | বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।