খেলাধুলা ডেস্ক | শনিবার, ২০ জুন ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

হিউস্টনে রাতে সুইডেনের মুখোমুখি হবে নেদারল্যান্ডস। ‘এফ’ গ্রুপে ডাচরা প্রথম ম্যাচে জাপানের বিপক্ষে সমতা করায় সুইডিশদের বিপক্ষে জয়ের চাপ নিয়ে নামবে। বাংলাদেশ সময় শনিবার রাত ১১টার গুরুত্বপূর্ণ এই ম্যাচে ডাচদের মিডফিল্ডের অন্যতম ভরসা ফ্রেঙ্কি ডি জংয়ের খেলা অনিশ্চিত। খেলতে পারবেন না ডিফেন্ডার কুইন্টন টিম্বার।
দলটির কোচ রোনাল্ড কোম্যান জানিয়েছেন, শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন না ডি জং। অনুশীলন করেছেন। ম্যাচের দিন তার পরিস্থিতি দেখে খেলতে পারবেন কিনা সিদ্ধান্ত নেবেন, ‘ফ্রেঙ্কি তার শারীরিক অবস্থা নিয়ে সমস্যার কথা জানিয়েছে। অন্যদের সঙ্গে সে অনুশীলন করেছে। দেখা যাক, ম্যাচের আগে পরিস্থিতি কী হয়। পেটের নিচে কিছুটা টান অনুভব করেছে সে। প্রকৃত অবস্থা কী আমিও জানি না।’
ডাচ ডিফেন্ডার কুইন্টন টিম্বার ম্যাচের আগের অনুশীলনে মাথায় আঘাত পান। কনকাশন ইনজুরিতে পড়েছেন তিনি। যে কারণে সুইডিশদের বিপক্ষে খেলা হবে না তার। কোচ কোম্যান আশা করছেন গ্রুপের শেষ ম্যাচে পাওয়া যাবে তাকে, ‘ম্যাচের আগে হালকা আঘাত পাওয়ায় কনকাশন ইনজুরিতে আছে সে। আজকের ম্যাচে তার খেলা হচ্ছে না।’
সুইডেন গ্রুপের প্রথম ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে বড় জয় পেয়েছে। ডাচদের বিপক্ষে জিতলে নকআউটে চলে যাবে তারা। সেক্ষেত্রে ডাচরা পড়ে যাবে বিপদে। ড্র করলেও সুইডেনের জন্য লাভ বৈকি ক্ষতি নেই। যে কারণে চাপটা থাকবে ডাচদের ওপর। দুই দলের ফুটবলাররা দীর্ঘদেহি হওয়ায় শূন্যে বল দখল ও ব্যবধান গড়ে দেওয়ার লড়াই জমতে পারে।
Posted ৪:৫৮ এএম | শনিবার, ২০ জুন ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।