ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

পাকিস্তানের বয়সভিত্তিক ক্রিকেটে নেতৃত্ব দেওয়া হাসান খান এবার ডাক পেয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় দলে। চোটের কারণে পেসার আলী খান ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে চলমান আইসিসি ক্রিকেট বিশ্বকাপ লিগ-২-এর ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডে জায়গা পেয়েছেন ২৭ বছর বয়সী এই অলরাউন্ডার।
সংযুক্ত আরব আমিরাত ও নামিবিয়াকে নিয়ে চলমান এই সিরিজেই যুক্তরাষ্ট্রের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হতে পারে হাসানের। প্রায় এক দশক ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অপেক্ষায় থাকা এই ক্রিকেটারের সামনে অবশেষে খুলেছে সেই দরজা।
২০১৮ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে পাকিস্তান দলকে নেতৃত্ব দিয়েছিলেন হাসান। ওই দলে ছিলেন পরবর্তীতে পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শাহীন শাহ আফ্রিদি ও মুসা খানও। তবে সতীর্থদের মতো পাকিস্তানের জাতীয় দলে খেলার সুযোগ পাননি তিনি।
পাকিস্তানের জাতীয় দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা কমে যাওয়ার পর যুক্তরাষ্ট্রে পাড়ি জমান হাসান। সেখানে ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রতিষ্ঠিত করেন এই অলরাউন্ডার। ২০২৪ সালে মেজর লিগ ক্রিকেটে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করে জেতেন ডমেস্টিক প্লেয়ার অব দ্য ইয়ার পুরস্কার।
এরপর বিভিন্ন আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগেও জায়গা করে নেন হাসান। বিগ ব্যাশ, আইএলটি-টোয়েন্টি ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। ২০২৬ সালে পাকিস্তান সুপার লিগেও ফেরেন তিনি এবং খেলেন হায়দরাবাদ কিংসমেনের হয়ে।
এবার সেই অভিজ্ঞতার পুরস্কার হিসেবে যুক্তরাষ্ট্রের জাতীয় দলের দরজাও খুলে গেল তার জন্য। আলী খানের চোট হাসানের জন্য তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের সুযোগ। কাকতালীয়ভাবে আলী খানও পাকিস্তানি বংশোদ্ভূত।
দীর্ঘ প্রায় এক দশকের অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের জার্সিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের হাতছানি হাসানের সামনে। এই সুযোগ কাজে লাগাতে পারলে তার ক্রিকেট ক্যারিয়ারে যোগ হবে নতুন এক অধ্যায়।
Posted ৬:১০ এএম | বুধবার, ০৭ অক্টোবর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।