বিনোদন ডেস্ক | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

আসন্ন ঈদুল ফিতরের অন্যতম দর্শক প্রতিক্ষিত সিনেমা ‘রাক্ষস’। ইতোমধ্যে শ্রীলঙ্কার পর ভারতে সিনেমাটির শুটিং সম্পন্ন করে ঢাকায় ফিরেছে রাক্ষস টিম। পরিচালক মেহেদি হাসান হৃদয় জানিয়েছেন প্রস্তুত হচ্ছে রাক্ষসের ট্রেলার। শিগগিরেই তা প্রকাশের জন্য প্রস্তুত করা হচ্ছে। এদিকে সামাজিক যোগাযেগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সিনেমাটির একটি আইটেম গানের স্থিরচিত্র। সেটার সূত্র ধরে গুঞ্জন উঠে গানটিতে সিয়ামের সঙ্গে বলিউড ও হলিউডের অভিনেত্রী নাতালিয়া জানোসজেক পারফর্ম করেছেন। বিষয়টি নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয়ের সঙ্গে যোগাযোগ করা হলে সমকালকে তিনি নাতালিয়া জানোসজেকের পারফর্ম করার বিষয়টির সত্যতা সম্পর্কে জানান।
মেহেদি হাসান হৃদয় বলেন, ‘মুম্বাইতে গানটির শুটিং হয়েছে। দারুণ একটি গান হয়েছে। ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া সেখানে সিয়ামের সঙ্গে পারফর্ম করেছেন। প্রথমবার কোনো বাংলা ছবিতে পারফর্ম করলেন তিনি। এক কথায় নাতালিয়া দারুণ করেছে। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের কাছে ভিন্নরকম উত্তেজনা তৈরি করবে।’
নাতালিয়া একজন ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডেও অভিনয় করেছেন। তাকে দেখা গেছে ‘হাউজফুল ৫’, ‘মাস্তি ৪’ ও ‘৩৬৫ ডেইজ’-এর মত ছবিতে। এছাড়া সালমান খানের উপস্থাপনায় জনপ্রিয় টিভি শো ‘বিগ বস’-এও অংশ নিয়েছেন তিনি।
এদিকে ‘রাক্ষস’এর আইটেম গানটির সংগীত পরিচালনা করেছেন জিএম আশরাফ। গানটিতে কণ্ঠও দিয়েছেন তিনি। তার সঙ্গে আচেন কণ্ঠশিল্পী দোলা। এর কোরিওগ্রাফি করেছেন বলিউডের আদিল শেখ।
রাক্ষস সিনেমাটি পরিচালক মেহেদি হাসান হৃদয়ের দ্বিতীয় সিনেমা। শাকিব খানকে নিয়ে বরাবাদ সিনেমা বানানোর পর এবার নায়ক সিয়ামকে নিয়ে বাজি ধরেছেন তিনি। এটি মূলত পাগলাটে প্রেমের গল্প। সেই সঙ্গে রয়েছে ফ্যামিলি ড্রামাও। ছবিটির পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, ‘বরবাদ’ সিনেমার চেয়ে তিন গুণ ভায়োলেন্স আছে এই সিনেমায়। তার বিশ্বাস, দর্শক ভালোভাবে নেবে এবং যারা একবার রাক্ষস দেখবে, তারা বারবার দেখতে চাইবে।
সিনেমাটিতে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জি।
Posted ১২:৪২ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।