খেলাধুলা ডেস্ক | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত

নিউক্যাসল ইউনাইটেডের বর্তমান প্রজন্মের কাছে ফস্তিনো আসপ্রিলার নামটি অপরিচিতই মনে হবে। হওয়াটাও স্বাভাবিক। কলম্বিয়ার এ অ্যাটাকিং মিডফিল্ডার নিউক্যাসলের জার্সিতে খেলেছিলেন খুবই অল্প সময়– ১৯৯৬-৯৮ সাল পর্যন্ত। এই সময়ে ক্লাবটির জার্সি গায়ে ৪৮ ম্যাচে যে ৯টি গোল করেছিলেন তিনি, তার মধ্যে আছে হ্যাটট্রিকও। সেই ঐতিহাসিক হ্যাটট্রিকটি তিনি করেছিলেন ১৯৯৭ সালের ১৭ সেপ্টেম্বর বার্সেলোনার বিপক্ষে।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে জেমস পার্কে তাঁর হ্যাটট্রিকে চড়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ৩-২ গোলে হারিয়েছিল নিউক্যাসল। ২৯ বছর পর সেই ফস্তিনোকে স্মরণ করছেন নিউক্যাসলের সমর্থকরা। একই মঞ্চে আজ আবার ইউরোপিয়ান ক্লাব প্রতিযোগিতার সর্বোচ্চ আসরে মুখোমুখি নিউক্যাসল ও বার্সেলোনা। এবার লড়াইটা শেষ ষোলোর। মঙ্গলবার প্রথম লেগে বার্সেলোনাকে আতিথ্য দেওয়া নিউক্যাসল প্রেরণা হিসেবে নিয়েছে ১৯৯৭ সালের সেই ম্যাচটিকে।
এবারের চ্যাম্পিয়ন্স লিগটি নিউক্যাসলের জন্য পুনর্জন্মের মতোই। ২০০২-০৩ মৌসুমের পর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে নক আউট পর্বে খেলছে ইংলিশ ক্লাবটি। নিউক্যাসলের কাছে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি ক্লাবটির ইতিহাসে ‘বড় ম্যাচ’। স্প্যানিশ লা লিগার শীর্ষে থাকা বার্সেলোনো চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে পাঁচবার। সেখানে শিরোপা জেতা তো দূরের কথা নিউক্যাসল অল্প কয়েকবার এই প্রতিযোগিতায় খেলছে। দলটির কোচ এডি হোয়ে তো বার্সা চ্যালেঞ্জ নিয়ে জয়ের স্বপ্ন দেখছেন, ‘ক্লাব ফুটবলের ইতিহাসে এটাই সেরা প্রতিযোগিতা। তাই এটা আমাদের ক্লাবটির ইতিহাসে অন্যরকম একটি ম্যাচ। বড় ম্যাচে আমরা সমর্থকদের পাশে চাই।’
Posted ১২:৪৪ পিএম | মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।