ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

এস্তুদিয়ান্তেসকে হারিয়ে চতুর্থবার লিবার্তাদোরেসের শিরোপা জিতল পালমেইরাস

ডেস্ক রিপোর্ট   |   রবিবার, ২৯ নভেম্বর ২০২৬   |   প্রিন্ট   |   21 বার পঠিত

এস্তুদিয়ান্তেসকে হারিয়ে চতুর্থবার লিবার্তাদোরেসের শিরোপা জিতল পালমেইরাস

দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা কোপা লিবার্তাদোরেসের শিরোপা জিতেছে ব্রাজিলের ক্লাব পালমেইরাস। ফাইনালে আর্জেন্টিনার এস্তুদিয়ান্তেস দে লা প্লাতাকে ১-০ গোলে হারিয়ে চতুর্থবারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আবেল ফেরেইরার দল।

শনিবার (২৮ নভেম্বর) উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওর ঐতিহাসিক এস্তাদিও সেন্তেনারিওতে অনুষ্ঠিত ফাইনালে শুরু থেকেই দুই দলের মধ্যে চলে তীব্র লড়াই। প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ তৈরি হলেও গোল করতে পারেনি কোনো দল।

বিরতির পর ম্যাচের ৫২ মিনিটে রামন সোসার গোলে এগিয়ে যায় পালমেইরাস। আর্থার গ্যাব্রিয়েলের দারুণ পাস থেকে জন আরিয়াসের হেডে বল পেয়ে কাছ থেকে জালে পাঠান প্যারাগুয়ের এই ফরোয়ার্ড।

গোল হজমের পর সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে এস্তুদিয়ান্তেস। একাধিক আক্রমণ করেও পালমেইরাসের রক্ষণ ভাঙতে পারেনি আর্জেন্টিনার ক্লাবটি। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়ে শিরোপা নিশ্চিত করে ব্রাজিলের দলটি।

ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো, দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশনের (কনমেবল) সভাপতি আলেহান্দ্রো দোমিঙ্গেস এবং ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদ। তাঁদের উপস্থিতিতেই চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে তুলে দেওয়া হয় শিরোপা ও পদক।

এই জয়ের মধ্য দিয়ে কোপা লিবার্তাদোরেসে চতুর্থবারের মতো চ্যাম্পিয়ন হলো পালমেইরাস। এর আগে ১৯৯৯, ২০২০ ও ২০২১ সালে প্রতিযোগিতাটির শিরোপা জিতেছিল দলটি।

২০২৫ সালের ফাইনালে ফ্লামেঙ্গোর কাছে হেরে রানার্সআপ হয়েছিল পালমেইরাস। এবার সেই হতাশা পেছনে ফেলে আবারও দক্ষিণ আমেরিকার সেরা ক্লাবের মর্যাদা অর্জন করল আবেল ফেরেইরার দল।

অন্যদিকে, এস্তুদিয়ান্তেসের সামনে ছিল পঞ্চমবারের মতো লিবার্তাদোরেস জয়ের সুযোগ। তবে ফাইনালে হেরে সেই স্বপ্ন অধরাই রয়ে গেল তাদের। চতুর্থ শিরোপা জয়ের মধ্য দিয়ে লিবার্তাদোরেসে এস্তুদিয়ান্তেসের সমান চারটি শিরোপার মালিক হলো পালমেইরাস।

Facebook Comments Box

Posted ১:৪৭ পিএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।