ডেস্ক রিপোর্ট | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 19 বার পঠিত
আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোরভাবে মোকাবিলা করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাংলাদেশ আলী হোসেন ফকির। সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার পাশাপাশি টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছেন তিনি।
রবিবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক (অক্টোবর ২০২৬) অপরাধ পর্যালোচনা সভায় এসব নির্দেশনা দেন আইজিপি।
সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত আইজি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আহসান হাবীব পলাশ, বিপিএম-সেবা।
সভায় সিআইডি, এসআরবি, এসআরইউ, এসবি, নৌ পুলিশ, রেলওয়ে পুলিশ, এপিবিএন, ট্যুরিস্ট পুলিশসহ বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপাররা ভার্চুয়ালি যুক্ত ছিলেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) মোহাম্মদ আবু সুফিয়ানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনতে হবে। এ লক্ষ্যে টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পেশাদারত্ব, মেধা ও দূরদর্শিতার সঙ্গে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে হবে। কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে জনগণকে আইন-শৃঙ্খলা রক্ষার কাজে সম্পৃক্ত করতে হবে।
পুলিশ প্রধান আরও বলেন, দেশের ভেতরে ও বাইরে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এসব বিভ্রান্তিকর তথ্য বা অপপ্রচারে প্রভাবিত না হয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করতে হবে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
মামলার তদন্তের গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়ে আইজিপি বলেন, থানায় রুজুকৃত মামলার যথাযথ তদন্ত নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি আহসান হাবীব পলাশ দায়িত্ব পালনের সময় পুলিশ সদস্যদের বডিওর্ণ ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেন। তিনি মামলা তদন্ত, বিশেষ করে অপমৃত্যু মামলার তদন্ত দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করার নির্দেশনা দেন। একই সঙ্গে মুলতবি গ্রেফতারি পরোয়ানা যথাযথভাবে নথিভুক্ত করা এবং তামিলের হার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভায় অক্টোবর ২০২৬ মাসের গুরুত্বপূর্ণ ঘটনাসহ সার্বিক অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ সময় ডাকাতি, দস্যুতা, খুন, ধর্ষণ, পুলিশ আক্রান্ত ও অপহরণ মামলা, মুলতবি গ্রেফতারি পরোয়ানা, তদন্ত ও বিচারের ফলাফল এবং সাজার হারসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Posted ১:২৩ পিএম | রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।