ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মাঠে নামার আগে যে কুসংস্কার মেনে চলেন মেসিদের কোচ

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ২৭ জুন ২০২৬   |   প্রিন্ট   |   3 বার পঠিত

মাঠে নামার আগে যে কুসংস্কার মেনে চলেন মেসিদের কোচ

২০২৬ বিশ্বকাপের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা। গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে ইতোমধ্যে ‘জে’ গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউটের টিকিট নিশ্চিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে গ্রুপে জর্ডানের বিপক্ষে শেষ ম্যাচটি তাদের জন্য অনেকটাই নিয়মরক্ষা এবং বেঞ্চের শক্তি পরীক্ষার সুযোগ। সেই ম্যাচের আগে সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি জানালেন মাঠে নামার আগে তিনি কী ধরনের কুসংস্কার মেনে চলেন।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ বলেন, ‘আমি ডান পা দিয়ে মাঠে প্রবেশ করি এবং ক্রস চিহ্ন আঁকি। আমার ধারণা এটাই হয়তো একটা কুসংস্কার হতে পারে। এটাকেই আমার একমাত্র কুসংস্কার বলা যায়।’

এ সময় স্কালোনির কাছে জানতে চাওয়া হয়েছিল, গোলের পর কিংবা ম্যাচ শেষে তাকে সেভাবে উদযাপন করতে দেখা যায় না কেন? বিশ্বকাপ মঞ্চে আর্জেন্টিনার গোলের পরেও তিনি কীভাবে শান্ত থাকেন?

এর জবাবে স্কালোনি বলেন, ‘আমি নিজের মতো করে উদযাপন করি। ভেতরে ভেতরে আমি খুশি থাকি। কিন্তু আমি সবসময় বলি, এগুলো এমন মুহূর্ত নয় যেগুলো আগে থেকে পরিকল্পনা করা যায়।’

বিশ্বকাপ বাছাইপর্বের উদাহরণ টেনে তিনি বলেন, ‘বলিভিয়ায় আমি পুরো মাঠ পেরিয়ে লাউতারোর (মার্টিনেজ) কাছে তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলাম। ওই মুহূর্তে আমি যেমন অনুভব করি, সেটাই করি। আমি খুশি থাকি। আসলে কখনও কখনও এমন কিছু দেখা যায় যা স্বাভাবিক মনে হয় না, তখন নিজের মনেই ভাবি– এটা কি সত্যিই ঘটছে?’

রোববার জর্ডানের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। টেক্সাসের আর্লিংটনে এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় ম্যাচটি শুরু হবে। নিয়মরক্ষার ম্যাচে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসিকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না আর্জেন্টিনা। স্কালোনি জানান, জর্ডানের বিপক্ষে শুরু একাদশে থাকবেন না লিওনেল মেসি। তবে তাকে বদলি হিসেবে নামানো হতে পারে।

তবে গোলবারের নিচে কোনো পরীক্ষা চালাতে চান না স্কালোনি। তিনি বলেন, ‘নিশ্চিতভাবেই দিবু মার্তিনেজ (ম্যাচ) শুরু করবেন।’

Facebook Comments Box

Posted ৫:৪১ এএম | শনিবার, ২৭ জুন ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।