ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 0 বার পঠিত

পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে (এমজেডিএ) নতুন দেশ যুক্ত হওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে পাকিস্তান। তবে কোনো দেশ আনুষ্ঠানিকভাবে যোগ দেওয়ার আবেদন করলে সৌদি আরব ও তুরস্কের সঙ্গে পরামর্শ করেই তা বিবেচনা করা হবে।
বৃহস্পতিবার ইসলামাবাদে সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দ্রাবি এ কথা জানান।
তিনি বলেন, একটি বিকাশমান নিরাপত্তা কাঠামো হিসেবে এমজেডিএ এমন দেশগুলোর জন্য উন্মুক্ত, যারা সম্মিলিত দায়িত্ব ও অভিন্ন নিরাপত্তাসংক্রান্ত স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ।
তাহির আন্দ্রাবি বলেন, কোনো দেশ আনুষ্ঠানিকভাবে চুক্তিতে যোগ দেওয়ার অনুরোধ জানালে রিয়াদ ও আঙ্কারার সঙ্গে আলোচনা করে তা বিবেচনা করা হবে। তবে চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে।
বাংলাদেশকে ঘিরেও আলোচনা
মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগ দেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা চলছে। গত সপ্তাহে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আরব নিউজকে জানিয়েছিলেন, এ বিষয়ে এখনো কোনো নীতিগত সিদ্ধান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
বাংলাদেশ বা অন্য কোনো দেশ শেষ পর্যন্ত চুক্তিতে যুক্ত হবে কি না, সে বিষয়ে বৃহস্পতিবার নির্দিষ্ট কোনো মন্তব্য করেননি পাকিস্তানের মুখপাত্র। তবে আনুষ্ঠানিক প্রস্তাব এলে অংশীদার দেশগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
চুক্তিতে যা আছে
চলতি মাসের শুরুতে মক্কায় পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত হলো—তিন দেশের যেকোনো একটির ওপর হামলাকে তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।
আঞ্চলিক উত্তেজনার মধ্যেই এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর ফলে তিন দেশের সামরিক ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হওয়ার পাশাপাশি আঞ্চলিক নিরাপত্তা কাঠামোয়ও এর প্রভাব পড়তে পারে।
পাকিস্তান ও সৌদি আরবের মধ্যে দীর্ঘদিনের সামরিক ও নিরাপত্তা সহযোগিতা রয়েছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে দুই দেশ কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি (এসডিএমএ) স্বাক্ষর করেছিল। ওই চুক্তিতেও এক দেশের ওপর হামলাকে উভয় দেশের ওপর হামলা হিসেবে বিবেচনার কথা বলা হয়।
নতুন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তির মাধ্যমে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতা আরও বিস্তৃত হলো।
Posted ২:০৬ এএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।