ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বাসের ধাক্কায় হেফাজত নেতা নিহত, ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক   |   বুধবার, ০৮ অক্টোবর ২০২৫   |   প্রিন্ট   |   251 বার পঠিত

বাসের ধাক্কায় হেফাজত নেতা নিহত, ৫ ঘণ্টা মহাসড়ক অবরোধ

চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক হেফাজত নেতা নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম মাওলানা সোহেল চৌধুরী (৫০)। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নির্বাহী কমিটির সদস্য।

 

বুধবার (৮ অক্টোবর) সকাল ৭টা থেকে ওই হেফাজত নেতাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে দাবি করে এর প্রতিবাদে হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম-খাগড়াছড়ি-রাঙামাটি  মহাসড়কে বিভিন্ন প্রতিবন্ধকতা, কাঠের গুঁড়ি ও অগ্নিসংযোগ করে অবরোধ করেছেন হেফাজতের নেতাকর্মীরা।

 

অবরোধের কারণে দুই মহাসড়কে সব ধরনের যান চলাচল প্রায় পাঁচ ঘণ্টার মতো বন্ধ ছিল, আটকে পড়েছিল শত শত যানবাহন। ফলে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়লে ওই মহাসড়ক ব্যবহারকারী হাজার হাজার যাত্রী সাধারণকে ভোগান্তিতে পড়ে চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। পরে উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে এক সমঝোতা বৈঠকে বিষয়টির সমাধান হলে মহাসড়ক অবরোধকারী হেফাজতের নেতাকর্মীরা অবরোধ তুলে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

 

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাউজান উপজেলার চট্টগ্রাম-রাঙামাটি সড়কের নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় দুর্ঘটনা ঘটে। এতে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন আহমদিয়া আল ইসলামিয়া আল হিকমা মাদ্রাসার মুহতামিম হেফাজত নেতা সোহেল চৌধুরী মারা যান। তিনি চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া এলাকার আবদুল কাদের চৌধুরী বাড়ির আবুল মহসীন চৌধুরীর ছেলে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মাওলানা সোহেল চৌধুরী রাউজান এলাকা থেকে নিজের মোটরসাইকেলে হাটহাজারীতে ফিরছিলেন। পথে নবীন সেন সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন এলাকায় পৌঁছলে পেছন থেকে আসা একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বাসচালক জানে আলমকে (৪০) আটক করে পুলিশের হাতে তুলে দেন স্থানীয় বাসিন্দারা।

 

এ ঘটনায় বুধবার সকাল ৭টার দিকে কয়েক হেফাজতকর্মী হাটহাজারী উপজেলায় চট্টগ্রাম-রাঙামাটি ও চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে কলেজ গেট, বাসস্টেশন, হাটহাজারী বাজার, মাদ্রাসার সামনে ও হাতিনার দীঘিরপাড় এলাকায় বিভিন্ন প্রতিবন্ধকতা, কাঠের গুঁড়ি ও অগ্নিসংযোগ করে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় মহাসড়ক দুটির প্রায় ৩০টিরও বেশি রুটের শত শত যানবাহন আটকে পড়ে। এ কারণে দুর্ভোগে পড়েন এসব যানবাহনের চালক ও হাজার হাজার যাত্রী। এ সময় দূরপাল্লার অনেক যানবাহন আটকা পড়ার ফলে এসব বাহনের যাত্রীদের হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে।

 

এদিকে অবরোধের খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন, অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী তারেক আজিজ ও হাটহাজারী মডেল থানার ওসি মো. মনজুর কাদের ভুঁইয়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে আন্দোলনকারী, নিহতের পরিবার ও বাস মালিক সমিতির কর্তাদের সঙ্গে নিয়ে সমঝোতা বৈঠকে বসেন। ওই বৈঠকে উপজেলা প্রশাসন, পুলিশ, বাস মালিক সমিতির নেতা, নিহতের পরিবারের সদস্য ও অবরোধকারী হেফাজতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

প্রশাসনের হস্তক্ষেপে ওই সমঝোতা বৈঠকে বিষয়টির সমাধান হলে মহাসড়ক অবরোধকারী হেফাজতের নেতাকর্মীরা অবরোধ তুলে নেন।

 

এ ব্যাপারে চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) তারেক আজিজ গণমাধ্যমকে বলেন, এক হেফাজত নেতা সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার ঘটনায় তার কিছু সমর্থক হাটহাজারীতে সড়ক অবরোধ করে রেখেছিল। আমরা বিষয়টি আলোচনা করে সমাধান করেছি।

 

এদিকে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে ইউএনও মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন বলেন, বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহতের পরিবারকে তাৎক্ষণিকভাবে ২ লাখ টাকা নগদ সহায়তা এবং সরকারের পক্ষ থেকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণের আশ্বাস দেওয়া হয়। উপজেলা প্রশাসন থেকেও প্রয়োজনীয় সহযোগিতার প্রতিশ্রুতি দেওয়া হয়। ফলপ্রসূ সমঝোতা বৈঠকের পর আন্দোলনকারী হেফাজত নেতারা শান্তিপূর্ণভাবে অবরোধ তুলে নেন।

Facebook Comments Box

Posted ৪:৩৮ পিএম | বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।