রবিবার ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

নাহিদ রানাকে আগলে রাখার পরামর্শ ডোনাল্ডের

খেলাধুলা ডেস্ক   |   শনিবার, ১৬ মে ২০২৬   |   প্রিন্ট   |   2 বার পঠিত

নাহিদ রানাকে আগলে রাখার পরামর্শ ডোনাল্ডের

মিরপুর টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪০ রানে ৫ উইকেট নিয়ে ক্রিকেটবিশ্বে তোলপাড় সৃষ্টি করেছেন বাংলাদেশের পেসার নাহিদ রানা। তার পারফরম্যান্সে দূর পরবাসে বসেও রোমাঞ্চিত টাইগারদের সাবেক বোলিং কোচ ও দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি পেসার অ্যালান ডোনাল্ড। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকব্লগ’কে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে ‘সাদা বিদ্যুৎ’ খ্যাত এই কিংবদন্তি জানিয়েছেন, নাহিদের এই সাফল্যে তিনি বিন্দুমাত্র অবাক হননি।

নাহিদের সঙ্গে প্রথম দেখার স্মৃতি রোমন্থন করে ডোনাল্ড বলেন, ‘চট্টগ্রামে তিন দিনের এক কন্ডিশনিং ক্যাম্পে প্রথম রানাকে নেটে দেখি। ওর সহজাত গতি, অনায়াস বোলিং অ্যাকশন আর উচ্চতার কারণে পিচ থেকে বাউন্স আদায়ের ক্ষমতা দেখে প্রথম দেখাতেই রোমাঞ্চিত হয়েছিলাম। উইকেটের সাহায্য ছাড়াই স্রেফ শরীর থেকে এমন গতি তৈরি করা ঈশ্বর প্রদত্ব, এটা কাউকে শিখিয়ে দেওয়া যায় না।’

ডোনাল্ড আরও যোগ করেন, ‘আমি ওর লাইন-লেংথ এবং চমৎকার ন্যাচারাল রিদম দেখে মুগ্ধ হয়েছিলাম। আমি ওকে আরও দেখার জন্য ঢাকাতেও নেটে ডেকেছিলাম। তৎকালীন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো তো তখনই ওকে জাতীয় দলে নেওয়ার খুব কাছাকাছি চলে গিয়েছিলেন। কিন্তু আমাদের তখন তাসকিন, এবাদত ও শরীফুলদের মতো সেটেল্ড এবং ফর্মে থাকা আক্রমণভাগ থাকায় সুযোগ হয়নি। তবে আজ ওকে এত ভালো করতে দেখে ভীষণ আনন্দ হচ্ছে।’

মিরপুর টেস্টের পঞ্চম দিনের বিকালে দুর্দান্ত এক স্পেল করেছেন নাহিদ রানা। গতি দিয়ে প্রতিপক্ষকে এমন গুড়িয়ে দেওয়া দেখে দারুণ রোমাঞ্চিত ডোনাল্ড। শিষ্যকে পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘নাহিদের এই মুহূর্তে গতিই তার সবচেয়ে বড় শক্তি। সে কিছু রান দেবে, ওয়াইড করবে, মারও খাবে। কিন্তু তার ভুল বলগুলোও যেন সে ১৪৮ বা ১৫০ কিলোমিটার গতিতে করে। ব্যাটাররা এমন বোলারকে কখনোই স্বাচ্ছন্দ্যে খেলতে পারে না।’

গতির জন্য শুরুর দিকে রান খরচ করাটা খুব স্বাভাবিক মনে করেন ডোনাল্ড। নিজের এবং অস্ট্রেলিয়ার ব্রেট লি’র ক্যারিয়ারের উদাহরণ টেনে তিনি বলেন, ‘নাহিদের ব্যাপারটা কিছুটা আমার আর ব্রেট লির শুরুর দিনগুলোর মতো। আমরাও শুরুতে প্রচুর রান দিতাম। সময়ের সঙ্গে সঙ্গে লাইন-লেন্থ ঠিক হয়ে যাবে, কিন্তু গতি যেন না কমে। টিম ম্যানেজমেন্ট যেন ওকে এই স্বাধীনতাটা দেয়।’

সবশেষে বিসিবিকে এই দুর্লভ রত্ন আগলে রাখার পরামর্শ দিয়েছেন ডোনাল্ড। তিনি বলেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশ ক্রিকেট কীভাবে নাহিদকে সামলায়। সে সব ফরম্যাটে খেলছে, যা দেখতে দারুণ লাগে। তবে প্রয়োজনে তাকে বিশ্রাম দিতে হবে। বাংলাদেশ ক্রিকেট যেন এই ম্যাচ উইনারকে খুব ভালোভাবে আগলে রাখে, কারণ ওকে অনেকদিন সার্ভিস দিতে হবে।’

Facebook Comments Box

Posted ৭:১৬ পিএম | শনিবার, ১৬ মে ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।