| মঙ্গলবার, ০৯ মে ২০২৩ | প্রিন্ট | 154 বার পঠিত
চলতি বছরের মধ্যেই ঢাকা নগর পরিবহনে বিদ্যুৎ-চালিত ১০০টি নতুন বাস যুক্ত করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, এর মাধ্যমে ঢাকাকে পরিবেশবান্ধব শহর হিসেবে গড়ে তোলার কাজটি এগিয়ে যাবে বলে তিনি মনে করেন।
আজ মঙ্গলবার (৯ মে) বাস রুট রেশনালাইজেশন সংক্রান্ত কমিটির ২৭তম বৈঠক শেষে এ কথা জানান তিনি।
মেয়র তাপস বলেন, “প্রথমবারের মতো বাস রুট রেশনালাইজেশনের অধীনে একটি ক্লাস্টার খোলা হচ্ছে। আমরা এই বছরের মধ্যেই ২১-২৮ নম্বর রুটে এটি চালু করতে যাচ্ছি। শিগগিরই দরপত্র জমা দেওয়া হবে। এছাড়া চলতি বছরের মধ্যে আমরা নগর পরিবহন বহরে ১০০টি ইলেকট্রিক বাস যুক্ত করব।”
২০২১ সালের ২৬ ডিসেম্বর বাস রুট র্যাশনালাইজেশনের আওতায় ঘাটারচর-মোহাম্মদপুর-জিগাতলা-প্রেস ক্লাব-মতিঝিল.যাত্রাবাড়ী-কাঁচপুর পর্যন্ত বাস চলাচল শুরু হয়। এটি নগর পরিবহনের ২১ নম্বর রুট।
মেয়র তাপস আরও বলেন, “২১ নম্বর রুটে বাস পরিচালনায় ট্রান্স সিলভা ব্যর্থ হয়েছে। সুতরাং পুরো যাত্রাপথে বিআরটিসির বাস চলাচল করবে। নগর পরিবহনে চালানোর জন্য যে অনুমোদন ছিল তা বাতিল করা হবে। তাদের বাসগুলো জব্দ করা হবে। এছাড়া এই যাত্রাপথের যে অনুমতি নেওয়া হয়েছিল তাও বাতিল হয়ে যাবে। এখন থেকে এই পথে বিআরটিসির বাস চলবে, বিআরটিসির বাস বাড়ানো হবে।”
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বলেন, “সবুজ গুচ্ছের আওতায় ২১ থেকে ২৮ নম্বর এই আটটি রুটে বাস পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। এরমধ্যে ২১ থেকে ২৫ নম্বর রুটে বাস চলাচল করছে। বাকি রুটগুলোয় বাস পরিচালনার জন্য আগ্রহী কোম্পানিগুলোর কাছ থেকে দরপত্র আহ্বান করা হবে। ২৪, ২৫, ২৭ এবং ২৮ নম্বর-এই চারটি রুটে আমরা একসঙ্গে বাস পরিচালনা করব। একসঙ্গে টেন্ডার আহ্বান করেছি। এতে সবুজ ক্লাস্টারে বাস পরিচালনার ফলাফল কী আসে তা আমরা দেখতে চাচ্ছি।”
এ সময় ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সাবিহা পারভীন, বিআরটিসির চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, বিআরটিএর চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার, বিভিন্ন সংস্থার কর্মকর্তারা এবং সড়ক পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
Posted ১:২০ পিএম | মঙ্গলবার, ০৯ মে ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।