ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক   |   রবিবার, ৩০ অগাস্ট ২০২৬   |   প্রিন্ট   |   5 বার পঠিত

ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ সিদ্ধান্ত

রাজধানী ঢাকার দীর্ঘদিনের যানজট নিরসন, ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে সাতটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।

প্রেস উইং জানায়, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারগুলোতে দ্রুত টোল আদায়ে আগামী চার মাসের মধ্যে ‘ইলেকট্রনিক টোল কালেকশন’ (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি বিশেষ অ্যাপ তৈরির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রাজধানীর ভেতরে যানবাহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থায়ী টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় ঝিলমিল প্রকল্পে ১৫ একর জমিতে আগামী চার মাসের মধ্যে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণের নির্দেশ দেওয়া হয়।

যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের যানজট নিরসনে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পূর্বপ্রস্তুতকৃত প্রতিবেদন পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। বুয়েটকে ১৫ দিনের মধ্যে সুপারিশসহ চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশ যৌথভাবে প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করবে।

শহরের মধ্যভাগের যানজট কমাতে কারওয়ান বাজারের কিচেন মার্কেট দ্রুত গাবতলীতে সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণ করে এর সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সড়ক বিভাগ ও ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্টদের দ্রুত এ কাজ সম্পন্ন করতে বলা হয়েছে।

সচিবালয় ও আশপাশের সড়কে যানজট কমাতে ওসমানী স্মৃতি মিলনায়তন ও সম্ভাব্য বিকল্প স্থানগুলোতে পার্কিং ব্যবস্থার সুযোগ খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে রাজধানীতে অটোরিকশা চলাচল সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে খুব শিগগিরই একটি পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তও নেওয়া হয়। পাশাপাশি অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠকে রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সংস্থার মধ্যকার সমন্বয়হীনতা দূর করে নির্ধারিত সময়ের মধ্যে কাজগুলো শেষ করতে কঠোর বার্তা দেন প্রধানমন্ত্রী।

উচ্চপর্যায়ের এ বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ৭:১৪ এএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।