শিক্ষা ডেস্ক | শনিবার, ০২ মে ২০২৬ | প্রিন্ট | 4 বার পঠিত

আগামীকাল রোববার থেকে দেশের ১১২টি মেডিকেল কলেজে একযোগে শুরু হচ্ছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ এমবিবিএস কোর্সের ক্লাস। এ বছর মোট ১১ হাজার ৮৩৩ জন শিক্ষার্থী দেশি ও বিদেশি মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৫ হাজার ১০০টি আসনের বিপরীতে শিক্ষার্থী ভর্তি হয়েছে। এছাড়া ৬৮টি বেসরকারি মেডিকেল কলেজে ৬ হাজার ২৭৮টি এবং সশস্ত্র বাহিনী পরিচালিত ৭টি মেডিকেল কলেজে ৪৫৫টি আসনে শিক্ষার্থী ভর্তি সম্পন্ন হয়েছে।
এ বছর এমবিবিএস ও বিডিএস কোর্সের যৌথ ভর্তি পরীক্ষায় অংশ নেন মোট ১ লাখ ২২ হাজার ৬৩২ জন ভর্তিচ্ছু। অন্যদিকে ডেন্টাল কলেজ ও মেডিকেল কলেজের ডেন্টাল ইউনিটগুলোর ক্লাস শুরু হবে চলতি মাসের দ্বিতীয়ার্ধে।
নতুন শিক্ষাবর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আগামীকাল সকালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক কেন্দ্রীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে যুক্ত থাকবেন দেশের সব মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে আরও অংশ নেবেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত, মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম।
নতুন শিক্ষাবর্ষকে ঘিরে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর তিন দিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করেছে। কেন্দ্রীয় উদ্বোধনের পর প্রতিটি মেডিকেল কলেজ নিজ নিজ ব্যবস্থাপনায় নবীনবরণ অনুষ্ঠান করবে।
এবারের আয়োজনের বিশেষ দিক হলো ‘একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ’ কর্মসূচি। এর আওতায় প্রতিটি শিক্ষার্থী একটি করে গাছ রোপণ করবেন। এতে সারা দেশে প্রায় ১২ হাজার গাছ রোপণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এছাড়া মেডিকেল শিক্ষার্থীদের মানসিক চাপ মোকাবিলায় প্রতিটি কলেজে আয়োজন করা হয়েছে বিশেষ মোটিভেশনাল লেকচারের। সংশ্লিষ্টরা মনে করছেন, এর মাধ্যমে শিক্ষার্থীরা মানসিকভাবে আরও দৃঢ় হয়ে পড়াশোনায় মনোযোগী হতে পারবে।
নতুন শিক্ষাবর্ষের শুরুতে এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের মতে, চিকিৎসা শিক্ষার পাশাপাশি পরিবেশ ও মানসিক স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেওয়া সময়োপযোগী পদক্ষেপ।
Posted ১০:৩১ এএম | শনিবার, ০২ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।