মঙ্গলবার ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

চ্যাম্পিয়ন চীনের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

খেলাধুলা ডেস্ক   |   মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬   |   প্রিন্ট   |   23 বার পঠিত

চ্যাম্পিয়ন চীনের সঙ্গে লড়াই করে হারল বাংলাদেশ

নারী এশিয়ান কাপে আজ নিজেদের ইতিহাসের প্রথম ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশের নারী ফুটবল দল। প্রতিপক্ষ চীন, যারা কিনা এই টুর্নামেন্টে ৯ বারের চ্যাম্পিয়ন। এমন পরাশক্তির বিপক্ষে খেলতে নেমে ২-০ গোলে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ৪৪ মিনিট পর্যন্ত চীনের সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করলেও বিরতির ঠিক আগে ৩ মিনিটের এক ‘টর্নেডো’তে জোড়া গোল হজম করে পিটার বাটলারের দল। পরে দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় সাবিনা-কৃষ্ণাদের।

সিডনির কমব্যাংক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই উইং দিয়ে আক্রমণ শানাতে থাকে চীন। চতুর্থ মিনিটেই প্রথম কর্নার আদায় করে নেয় তারা। তবে গোলরক্ষক মিলি ও ডিফেন্ডার নবীরুনদের দৃঢ়তায় শুরুর চাপ দারুণভাবে সামাল দেয় বাংলাদেশ। ১৮তম মিনিটে বক্সে জটলার ভেতর থেকে চীনের অভিজ্ঞ মিডফিল্ডার ওয়াং সুয়াংয়ের নেওয়া একটি শট পোস্টে ঢোকার ঠিক আগমুহূর্তে ডাইভ দিয়ে গোললাইন থেকে বাঁচান ডিফেন্ডার শিউলি আজিম। ২৪ মিনিটে জিন কুনের ক্রস থেকে ওয়াং সুয়াং হেডে বল জালে জড়ালেও ভিএআরের সাহায্যে অফসাইডের কারণে গোলটি বাতিল হয়।

রক্ষণ সামলানোর পাশাপাশি সুযোগ বুঝে আক্রমণেও ওঠে বাংলাদেশ। ১৪তম মিনিটে বাঁ উইং ফাঁকা পেয়ে দারুণ এক দূরপাল্লার শট নিয়েছিলেন তারকা উইঙ্গার ঋতুপর্ণা চাকমা। বল পোস্টে ঢোকার ঠিক আগমুহূর্তে শূন্যে লাফিয়ে অসাধারণ দক্ষতায় তা ঠেকিয়ে দেন চীনের গোলরক্ষক চেন চেন।

শারীরিক সামর্থ্যে পিছিয়ে থাকলেও ৪৪ মিনিট পর্যন্ত চীনের আক্রমণ দারুণভাবে রুখে দিয়েছিল বাংলাদেশ। তবে ৪৪ মিনিটের সময় বক্সের বাইরে থেকে বাতাসে ভাসানো শটে গোল করে চীনকে এগিয়ে দেন দলটির সর্বোচ্চ গোলদাতা ওয়াং সুয়াং। পরের মিনিটেই (৪৬ মিনিট) ঝাং রুইয়ের শট বাংলাদেশের এক ডিফেন্ডারের পায়ে লেগে জালে জড়ালে ২-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই একাদশে পরিবর্তন আনেন কোচ পিটার বাটলার। উমহেলা মারমার বদলি হিসেবে ফরোয়ার্ড তহুরা খাতুন এবং শিউলি আজিমকে তুলে হালিমা আক্তারকে নামানো হয়। ৪৬ মিনিটে ঋতুপর্ণার আরও একটি দূরপাল্লার শট চীনের পোস্ট ঘেঁষে বেরিয়ে যায়। গোল পেতে মরিয়া বাংলাদেশ ৫৩ মিনিটে ডিফেন্ডার নবীরুনকে তুলে মিডফিল্ডার স্বপ্না রানীকে মাঠে নামায়। স্বপ্না পায়ের কাজে মাঝমাঠে কিছুটা গতি আনার চেষ্টা করলেও ততক্ষণে সতীর্থদের মাঝে ক্লান্তি ভর করে। চীনের শারীরিক সামর্থ্যের সামনে সেভাবে পেরে ওঠেনি মেয়েরা।

মাঝমাঠে দাপট দেখাতে না পারলেও গোলরক্ষক মিলি ছিলেন বেশ সতর্ক। ৬৮ মিনিটে বক্সের বাইরে থেকে চীনের ডিফেন্ডার ঝ্যাং চেনগুয়ের একটি দূরপাল্লার শট দারুণ দক্ষতায় রুখে দেন তিনি। ৭৪ মিনিটে বাংলাদেশের একটি কর্নারকে কেন্দ্র করে বক্সে শামসুন্নাহার জুনিয়রকে ফেলে দেন লিউ ইয়াটং। ভিএআর চেকে পেনাল্টির আবেদন করলেও রেফারি জানান, সেটি পেনাল্টি দেওয়ার মতো অপরাধ ছিল না।

ম্যাচের ৮৬ মিনিটে নাকে আঘাত পেয়ে মাঠ ছাড়েন বদলি নামা হালিমা। তার জায়গায় কোচ মাঠে নামান সুইডেন প্রবাসী মিডফিল্ডার আনিকা রানিয়াকে। এর মধ্য দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়ে গেল এই বংশোদ্ভূত ফুটবলারের। ৮ মিনিটের যোগ করা সময়ে উভয় দলই বেশ কিছু চেষ্টা করলেও আর কোনো গোল হয়নি। ফলে ২-০ ব্যবধানের হার নিয়েই এশিয়ান কাপের যাত্রা শুরু করল বাংলাদেশ।

Facebook Comments Box

Posted ২:৪৪ পিএম | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬

|

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।