খেলাধুলা ডেস্ক | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ | প্রিন্ট | 121 বার পঠিত

প্যাট কামিন্স ও নাথান লায়নের আগুনে বোলিংয়ে অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিনেই ব্যাকফুটে ইংল্যান্ড। ব্যাটিং বিপর্যয়ের দিনে অস্ট্রেলিয়ার ৩৭১ রানের জবাবে ৮ উইকেটে ২১৩ রান তুলে দিন শেষ করেছে সফরকারীরা। এতে অ্যাশেজ প্রত্যাবর্তনের স্বপ্ন ফিকে হতে শুরু করেছে ইংলিশদের।
অ্যাডিলেড ওভাল আজ সাক্ষী হলো এক ইতিহাসের। গ্লেন ম্যাকগ্রাকে (৫৬৩) টপকে অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি এখন নাথান লায়ন (৫৬৪)। তার সামনে এখন শুধুই কিংবদন্তি শেন ওয়ার্ন (৭০৮)। নিজের প্রথম ওভারেই বেন ডাকেটকে ফিরিয়ে এই মাইলফলক স্পর্শ করেন লায়ন। ধারাভাষ্যকক্ষে থাকা ম্যাকগ্রা চেয়ার উঁচিয়ে তাকে অভিনন্দন জানান। দিন শেষে লায়নের শিকার ২ উইকেট, আর কামিন্স নিয়েছেন ৩টি।
এদিকে ‘ব্যাজবল’ তত্ত্বকে একপাশে রেখে আজ মাটি কামড়ে পড়ে আছেন অধিনায়ক বেন স্টোকস। বাকিদের আসা-যাওয়ার মিছিলে ১৫১ বল খেলে ৪৫ রানে অপরাজিত আছেন তিনি। দিন শেষে তার সঙ্গী জোফরা আর্চার অপরাজিত আছেন ৩০ রানে। অষ্টম উইকেটে তাদের অবিচ্ছিন্ন ৪৫ রানের জুটিতেই কোনোমতে ২০০ পার করেছে ইংল্যান্ড। এর আগে ওপেনিংয়ে জ্যাক ক্রলি ও বেন ডাকেট ৩৭ রান যোগ করার পর ৭১ রানেই হারিয়ে বসে ৪ উইকেট। এরপর হ্যারি ব্রুককে নিয়ে ৫৬ রান যোগ করেন বেন স্টোকস। তবে ওয়ানডে ধাঁচে খেলতে গিয়েং ৬৩ বলে ৪৫ রান করেই আউট হন ব্রুক। একই পরিণতি হয় জেমি স্মিথের। ২৬ বলে ২২ রান করে বিদায় নেন কামিন্সের বলে। উইল জ্যাকস কিংবা ব্রাইডন কার্সও দুই অঙ্কের রানের দেখা পাননি। ১৬৮ রানে ৮ উইকেট হারিয়ে খাদের কিনারায় পড়ে যায় ইংলিশরা।
অজিদের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন প্যাট কামিন্স। ২টি করে উইকেট নেন নাথান লায়ন ও স্কট বোল্যান্ড।
দিনের শুরুতে অবশ্য আলো ছড়িয়েছিলেন জোফরা আর্চার। অস্ট্রেলিয়ার লেজ ছেঁটে দিয়ে ক্যারিয়ারের চতুর্থবারের মতো ৫ উইকেট শিকার করেন এই ইংলিশ পেসার। তবে তার আগে ব্যাট হাতে ঝড় তোলেন মিচেল স্টার্ক। ৭৫ বলে ৫৪ রানের ইনিংস খেলে দলকে ৩৭১ রানের শক্ত পুঁজি এনে দেন এই অজি পেসার। দিন শেষে ১৫৮ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। হাতে মাত্র ২ উইকেট।
Posted ১:১২ পিএম | বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।