ডেস্ক রিপোর্ট | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 7 বার পঠিত
আর্জেন্টাইন কিংবদন্তি কার্লোস তেভেজের বিদায়ী ম্যাচে মাঠে নামছেন লিওনেল মেসি। আগামী ২০ ডিসেম্বর বোকা জুনিয়র্সের ঐতিহাসিক লা বোম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তারকা ফুটবলারদের নিয়ে এ বিশেষ আয়োজন। ম্যাচটিতে মেসির পাশাপাশি অংশ নেওয়ার কথা রয়েছে বিশ্ব ফুটবলের আরও একঝাঁক কিংবদন্তির।
‘আপাচে’ নামে পরিচিত কার্লোস তেভেজ ২০২২ সালে ফুটবল থেকে অবসর নেন। ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও জুভেন্টাসের মতো ইউরোপের বড় ক্লাবে খেলে বর্ণাঢ্য ক্যারিয়ার গড়েন তিনি। শেষ পর্যন্ত শৈশবের ক্লাব বোকা জুনিয়র্সে ক্যারিয়ারের ইতি টানেন এই আর্জেন্টাইন তারকা।
৪২ বছর বয়সী তেভেজ গত বছর জানিয়েছিলেন, তার বিদায়ী ম্যাচে লিওনেল মেসি ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনালদোকে প্রতিপক্ষ দলে দেখতে চান তিনি। সেই প্রত্যাশাকে ঘিরেই ম্যাচটি নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।
ইনস্টাগ্রামে আয়োজকদের পক্ষ থেকে মেসির অংশগ্রহণ নিশ্চিত করে বলা হয়েছে, বিশ্বের সেরা খেলোয়াড়কে ‘আপাচে’র শেষ যাত্রায় স্বাগত জানানো তাদের জন্য অত্যন্ত সম্মানের বিষয়।
বিদায়ী ম্যাচে মেসির সঙ্গে মাঠে দেখা যেতে পারে রিও ফার্ডিনান্ড, সার্জিও আগুয়েরো, লিয়ান্দ্রো পারেদেস, জিয়ানলুইজি বুফন ও মার্টিন পালেরমোর মতো তারকাদের।
মেসি ও রোনালদো সর্বশেষ ২০২০ সালে প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হয়েছিলেন। সে সময় মেসি বার্সেলোনা ও রোনালদো জুভেন্টাসের হয়ে খেলছিলেন। পরে ২০২৩ সালে সৌদি আরবে একটি প্রদর্শনী ম্যাচেও মুখোমুখি হন তারা। সেবার মেসির প্যারিস সেন্ট-জার্মেইনের প্রতিপক্ষ ছিল রিয়াদ সিজন একাদশ।
Posted ২:০৩ পিএম | শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।