নিজস্ব প্রতিবেদক | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬ | প্রিন্ট | 5 বার পঠিত
ফ্যাসিবাদ ও জুলাই গণঅভ্যুত্থানের প্রশ্নে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি থেকে উত্তরণ, গণতন্ত্র শক্তিশালী করা ও রাষ্ট্র সংস্কারের স্বার্থে রাজনৈতিক ঐক্যের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
নাহিদ ইসলাম বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। ফ্যাসিবাদ ও জুলাইয়ের প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, আওয়ামী লীগের সন্ত্রাস, অগ্নিসন্ত্রাসসহ দেশের বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের উপায় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। পাশাপাশি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য প্রতিষ্ঠার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পেয়েছে।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতি এক দিনে তৈরি হয়নি। নির্বাচনের পর গত সাত-আট মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচারপ্রক্রিয়ায় আপসকামিতা, আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো স্পষ্ট না করার কারণে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে।
নাহিদ ইসলাম বলেন, যেকোনো রাজনৈতিক ঐক্য, বিশেষ করে জুলাইয়ের ঐক্যের ক্ষেত্রে সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বকে অগ্রাধিকার দিতে হবে। ঐক্যের প্রক্রিয়ায় সংস্কারকে অন্যতম এজেন্ডা হিসেবে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে এনসিপি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই হয়েছিল, তা এখনো শেষ হয়নি। গণতন্ত্রকে শক্তিশালী করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে টেকসই করতে সংস্কার জরুরি। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ওপর জনগণের আস্থা প্রতিষ্ঠিত না হলে দেশে অর্থনৈতিক বিনিয়োগও আসবে না।
বৈঠকে বর্তমান সংবিধান সংশোধন কমিটি বাতিল করে সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানিয়েছে এনসিপি। দলটির মতে, বর্তমান কমিটি সংস্কারপ্রক্রিয়া, গণভোটের রায় এবং জুলাই সনদ বাস্তবায়নের পথে বাধা সৃষ্টি করছে।
এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থানের ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সক্ষমতা বাড়ানো এবং জেলা পর্যায়ের মামলাগুলোর আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছে দলটি। শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর এবং ওসমানী হাদি হত্যার বিচার নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
ভারতের সঙ্গে গঙ্গার পানিবণ্টন চুক্তি, বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর ঐক্যবদ্ধ থাকার বিষয়েও প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছে এনসিপি।
Posted ১১:৫৮ এএম | সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।