ডেস্ক রিপোর্ট | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্র ও ইরানের হামলা-পাল্টা হামলায় ফের উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। ইরানের রেভলিউশনারি গার্ড (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি জাহাজ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। জবাবে ইরানের তিনটি তেলবাহী জাহাজে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
পশ্চিম এশিয়ায় দায়িত্বপ্রাপ্ত মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আইআরজিসি তাদের দুটি নৌযানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর জবাবে তিনটি ইরানি তেলবাহী জাহাজে হামলা চালানো হয়। এর একটি ইরানের তেল রপ্তানির অন্যতম প্রধান কেন্দ্র খার্গ দ্বীপের উপকূলে আক্রান্ত হয়েছে।
সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্র্যাড কুপার আইআরজিসিকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, মার্কিন জাহাজে হামলা হলে এর চেয়েও বড় ধরনের পাল্টা আঘাত করা হবে।
তবে যুক্তরাষ্ট্রের এই হুঁশিয়ারির পরও পিছিয়ে আসেনি ইরান। দেশটির দাবি, তিনটি মার্কিন ট্যাঙ্কারসহ যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্ট আরও তিনটি জাহাজে হামলা চালানো হয়েছে।
এদিকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী অন্যান্য দেশকেও সতর্ক করেছে আইআরজিসির নৌবাহিনী। এক বিবৃতিতে তারা বলেছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বক্তব্যে বিভ্রান্ত না হয়ে অনুমোদিত জলপথ ব্যবহার করতে হবে। কোনো সন্দেহজনক তৎপরতা দেখা গেলে পরবর্তী হামলার লক্ষ্য হতে পারে সংশ্লিষ্ট জাহাজ।
তবে হামলা-পাল্টা হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
হরমুজ প্রণালি দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইরানের বিরোধের অন্যতম কেন্দ্র। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানে হামলা চালানোর পর থেকে দুই দেশের সংঘাত অব্যাহত রয়েছে। এর পর পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটিতেও ধারাবাহিক হামলা চালিয়েছে ইরান।
আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথে একাধিক বাণিজ্যিক জাহাজও হামলার শিকার হয়েছে। ফলে হরমুজ প্রণালিকে ঘিরে নতুন করে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক মহলে।
ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে দুর্বল করে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা নষ্ট করাই যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য বলে জানিয়েছে ওয়াশিংটন। পাশাপাশি ইরানের নেতৃত্ব পরিবর্তনের দাবিও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দুই দেশের সংঘাত থামাতে আন্তর্জাতিক পর্যায়ে মধ্যস্থতার চেষ্টা চললেও সাম্প্রতিক হামলা-পাল্টা হামলায় হরমুজ প্রণালিতে আবারও উত্তেজনা তীব্র হয়ে উঠেছে।
Posted ৭:২৬ এএম | রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।