নিজস্ব প্রতিবেদক | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬ | প্রিন্ট | 21 বার পঠিত

রাজবাড়ীর বালিয়াকান্দিতে চিকিৎসকের অবহেলায় কণিকা রানী মণ্ডল (৩২) নামে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সকালে বালিয়াকান্দির বাঘুটিয়া গ্রামে কণিকার বাড়িতে গিয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ফরিদপুরে সিজারিয়ান অপারেশনের পর কণিকার পেটে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ রেখে সেলাই করে দেওয়া হয়েছিল বলে অভিযোগ উঠেছে। অপারেশনের প্রায় ৫১ দিন পর তার মৃত্যু হয়। ঘটনাটি সরকারকে ব্যথিত করেছে।
তিনি বলেন, রাজবাড়ীর সিভিল সার্জনকে প্রধান করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। তদন্তে কারও গাফিলতি প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরিবার সূত্রে জানা যায়, গত ২৯ জুন অসুস্থ হয়ে কণিকা ফরিদপুর শহরের ঝিলটুনি এলাকার সমরিতা জেনারেল হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসক লক্ষ্মী রানী দত্তের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তিনি কন্যাসন্তানের জন্ম দেন।
অপারেশনের পরদিন কণিকার পেট ফুলে যায় এবং তীব্র ব্যথা শুরু হয়। বিষয়টি চিকিৎসককে জানানো হলেও যথাযথ গুরুত্ব দেওয়া হয়নি বলে পরিবারের অভিযোগ।
পরে অবস্থার অবনতি হলে কণিকাকে ঢাকার কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার পেটে সার্জিক্যাল গজ-ব্যান্ডেজ থাকার বিষয়টি শনাক্ত করেন চিকিৎসকেরা বলে জানিয়েছে পরিবার।
চিকিৎসাধীন অবস্থায় ১৯ আগস্ট রাত ২টার দিকে কণিকা রানী মণ্ডল মারা যান। তার মৃত্যুর ঘটনায় স্বজনদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Posted ৬:৪০ এএম | শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।