জাতীয় ডেস্ক | শনিবার, ০২ মে ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

দুটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘কেউ প্রকাশ্যে ও কেউ গোপনে এখনও ষড়যন্ত্র করছে। তাদের রাজনৈতিকভাবে মোকাবিলা করুন।’ শনিবার সন্ধায় সিলেট শিল্পকলা একাডেমিতে বিএনপি আয়োজিত কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না। জনগণ আমাদের যেভাবে সমর্থন করেছে সেই সমর্থন ধরে রাখুন।
তারেক রহমান দলীয় এমপিদের গ্রুপিং রাজনীতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা দলের কর্মীদের অমুকের লোক, তমুকের লোক বলবেন না। এতে বিভক্তি বাড়বে।’
প্রধানমন্ত্রী অতীত আন্দোলনে দলীয় নেতাকর্মীদের ভূমিকার বিষয় উল্লেখ করে বলেন, আপনারা আন্দোলন-সংগ্রাম করেছেন। কষ্ট করেছেন। পরিবারের জন্য যে রকম মায়া আছে, দলের জন্যও তেমনি রয়েছে। আপনাদের আচরণে যাতে কারও মন খারাপ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে।
কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমি সরকারি দলের লোক সেটা মাথা থেকে সরিয়ে ভাবতে হবে আমি দলের কর্মী। কেউ ভুল করলে তাকে বোঝাতে হবে, শাসন করতে হবে। যদি না মানেন তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নিন।
তিনি বলেন, আগামী তিন মাসের পরিকল্পনা নিয়ে কাজ করুন কীভাবে জনগণের কাছে আরও যাওয়া যায়। জনগণ থেকে বিচ্ছিন্ন হলে চলবে না। আগামী স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান লোদী কয়েসের সভাপতিত্বে এবং জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী ও নগর সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় সভায় স্থানীয় নেতারা বক্তব্য দেন। বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শনিবার সিলেটের বিভিন্ন প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন ও সুধী সমাবেশে অংশগ্রহণের পর বিকেলে দলীয় কর্মী সভায় বক্তৃতা শেষে সন্ধায় সিলেট ত্যাগ করেন।
Posted ১০:২৯ এএম | শনিবার, ০২ মে ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।