রাজনীতি ডেস্ক | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬ | প্রিন্ট | 115 বার পঠিত

ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, একটি স্ক্রিনশট দেখিয়ে বলা হচ্ছে, তার এক্স হ্যান্ডেলের পাসওয়ার্ড হ্যাক হয়েছিল। যদি তাই হতো, তাহলে তার তো ফেসবুক আইডি আছে, দলীয় মিডিয়া আছে। তাৎক্ষণিকভাবে তিনি কেন বিষয়টি জানাননি? দেশব্যাপী প্রতিবাদের ঝড় ওঠার পর তিনি বুঝলেন আইডি হ্যাক হয়েছিল।
রোববার দুপুরে ‘জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স হ্যান্ডেলে নারীদের অবমাননাকর পোস্টের’ প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে এসব কথা বলেন তিনি।
ছাত্রদল সভাপতি বলেন, ‘জামায়াত-শিবিরের নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি যুগে যুগে প্রকাশ পেয়েছে। ৫ আগস্ট-পরবর্তী বাস্তবতায় নারীদের বিষয়ে তাদের কার্যকলাপের চূড়ান্ত বাস্তব পরিণতি আমরা জামায়াত আমিরের বক্তব্যে দেখেছি। উনার বক্তব্যের বাকি অংশ ঠিক আছে। পুরো বক্তব্যেই জামায়াতের সাধারণ দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে। কিন্তু একটি লাইনে তিনি কর্মজীবী নারীদের পতিতা আখ্যা দিয়েছেন।’
তিনি বলেন, ‘তাদের নেতা-কর্মীদের বক্তব্য তারা সচরাচর মিডিয়ায় আসতে দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়েও মাত্র কয়েকজন প্রকাশ্য শিবির আছে, বাকিরা গুপ্ত। তাদের সব নেতার বক্তব্য যদি মিডিয়ায় আসে, তাহলে পুরো জামায়াত-শিবিরের দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়ে যাবে। আজকের প্রতিবাদ শুধু রাজনৈতিক নয়, এটি সেই দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে প্রতিবাদ। তাকে অবশ্যই দেশের নারীদের কাছে ক্ষমা চাইতে হবে।’
বিক্ষোভ সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির বলেন, ‘বাংলাদেশের মানুষ এত কাঁচা মাথা নিয়ে ঘোরে না। যদি কোনো আইডি হ্যাক হয়, সেটি উদ্ধার করতে নির্দিষ্ট সময় লাগে। আসলে তার আইডি হ্যাক হয়নি, তার মাথা হ্যাক হয়েছে। তিনি নিজেই নিজের মুখোশ উন্মোচন করেছেন।’
সমাবেশে আরও বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, যুগ্ম সাধারণ সম্পাদক মানসুরা আলম, ঢাবি কমিটির সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, ছাত্রীবিষয়ক সম্পাদক চেমন ফারিয়া ইসলাম প্রমুখ।
এর আগে, শনিবার রাতে জামায়াত আমিরের এক্স হ্যান্ডেলে দেওয়া একটি পোস্টে সামাজিক মাধ্যম ছড়িয়ে পড়ে। পরে ওই পোস্ট নিয়ে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।
Posted ৬:১০ পিএম | রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।