নিজস্ব প্রতিবেদক | বুধবার, ০৪ জুন ২০২৫ | প্রিন্ট | 351 বার পঠিত

পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বেড়েছে কুশিয়ারা নদীর পানি। সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কুশিয়ারার পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে উপজেলার নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১টা পর্যন্ত কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বইছে ১০ দশমিক ০৪ মিটার উচ্চতায়। যা বিপৎসীমার চেয়ে শূন্য দশমিক ৬৩ মিটার বেশি।
এদিকে, কুশিয়ারার পানি বাড়ায় উপজেলার সদর, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়নের একাধিক নিচু অঞ্চলে প্লাবিত হয়েছে। ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি ও বসতবাড়ি।
পাউবো কর্মকর্তারা জানিয়েছেন, ভারতের পাহাড়ি এলাকা থেকে নেমে আসা অতিরিক্ত পানি এবং টানা বৃষ্টিপাতের কারণে নদ-নদীগুলোর পানি দ্রুত বাড়ছে। বিশেষ করে উজানের ঢলের প্রভাব বেশি পড়ছে সীমান্তবর্তী পয়েন্টগুলোতে।
সিলেট জেলা পাউবোর উপসহকারী প্রকৌশলী (ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর) মো. গোলাম বারী বলেন, ‘দুই একদিনের মধ্যে বৃষ্টিপাতের পরিমাণ কমবে। তখন পানি কিছুটা কমবে।’
উপজেলা প্রশাসন জানিয়েছে, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট দফতরগুলোকে সতর্ক রাখা হয়েছে। নিচু এলাকা ও প্লাবনপ্রবণ অঞ্চলের বাসিন্দাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও মোকাবিলায় আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি। প্রত্যন্ত ও প্লাবনপ্রবণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রয়োজনে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য সব ধরণের প্রস্তুতি রাখা হয়েছে।’
Posted ১১:৫৫ এএম | বুধবার, ০৪ জুন ২০২৫
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Best BD IT
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।