ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

বিএনপির চার সম্ভাব্য প্রার্থী জামায়াতের সোবাহান

নিজস্ব প্রতিবেদক   |   সোমবার, ২৬ মে ২০২৫   |   প্রিন্ট   |   355 বার পঠিত

বিএনপির চার সম্ভাব্য প্রার্থী জামায়াতের সোবাহান

মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে প্রায় তিন যুগ ধরে একচ্ছত্র রাজত্ব করেছেন শ্রমিক নেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান। আওয়ামী লীগ-বিএনপি যে দলই ক্ষমতায় থাকুক না কেন, শাজাহান খান ছিলেন এ আসনে সর্বেসর্বা। তবে ৫ আগস্টের পর উলটে গেছে চিত্র। ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে তার বাড়িতে। পালিয়ে গেছেন নেতাকর্মীরা। বিভিন্ন মামলায় ছেলেসহ কারাগারে আছেন শাজাহান খান। শূন্য হয়ে গেছে জেলার আওয়ামী লীগের রাজনীতি। এদিকে অনেকটা ফাঁকা মাঠে মনোনয়ন পেতে মরিয়া বিএনপির একাধিক নেতা। আগামী নির্বাচনে সংসদ-সদস্য হওয়ার জন্য এক প্রকার যুদ্ধে নেমেছেন তারা। জামায়াতে ইসলামীও তাদের প্রার্থী ঘোষণা করে মাঠে নেমেছে।

সদর ও রাজৈর উপজেলা নিয়ে গঠিত মাদারীপুর-২ আসন থেকে শাজাহান খান ৭ বার সংসদ-সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি এখন জেলে আছেন। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া এবং একাধিক মামলার কারণে শাজাহান খান নির্বাচন করতে পারছেন না-এটা মোটামুটি নিশ্চিত। এই সুযোগ কাজে লাগিয়ে সংসদ-সদস্য হতে মরিয়া বিএনপির একাধিক নেতা। এরই মধ্যে মনোনয়ন দৌড়ে নিজেকে এগিয়ে রাখতে সভা, সেমিনারসহ নেতাকর্মীদের নিয়ে কর্মিসভা করছেন তারা।

মনোনয়ন দৌড়ে নাম রয়েছে বিএনপির সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি হেলেন জেরিন খানের। তিনি এর আগেও একাধিকবার এই আসন থেকে নির্বাচন করলেও বিজয়ী হতে পারেননি। এরপর রয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। তিনি বিএনপির পরীক্ষিত কর্মী হয়েও আগে কখনো মনোনয়ন পাননি। এবার তিনি মনোনয়ন পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী। রাজৈর উপজেলার বাসিন্দা ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতা মিল্টন বৈদ্যের নামও শোনা যাচ্ছে। তিনি এর আগে ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপির মনোনীত প্রার্থী ছিলেন। ভোট চলাকালীন ভোটে অনিয়ম-কারচুপির অভিযোগ এনে তিনি নির্বাচন প্রত্যাখ্যান করেন। আসন্ন নির্বাচনেও তিনি বিএনপির প্রার্থী হিসাবে মনোনয়ন চাইবেন বলে জানা গেছে। মাদারীপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক জাফর আলী মিয়ার নামও আছে মনোনয়ন দৌড়ের তালিকায়। এই নেতাদের ঘিরে বিএনপি কয়েকটি গ্রুপে বিভক্ত হয়ে পড়েছে।

এক সময় মাদারীপুরে জামায়াতে ইসলামী প্রকাশ্যে দূরে থাক গোপনেও মিটিং বা কোনো কার্যক্রম চালাতে পারত না। তবে ৫ আগস্টের পর প্রকাশ্যে রাজনীতি করছে দলটি। এরই মধ্যে দলটি জেলা শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত নিয়ে গেছে দলীয় কার্যক্রম। মাদারীপুর-২ আসনে জেলার সাবেক আমির ও ফরিদপুর অঞ্চল টিম সদস্য মাওলানা আব্দুস সোবাহান খানকে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জামায়াত। জোরেশোরে নির্বাচনি কার্যক্রম শুরু করেছেন তারা।

বিএনপির মনোনীত প্রত্যাশী মিলটন বৈদ্য বলেন, আমি সব সময় মাঠে কাজ করেছি। দলের নির্দেশে আমি উপজেলা নির্বাচন করি। সেখানে আমি বিপুল ভোটে জয়লাভ করলেও ফলাফল ঘুরিয়ে দিয়ে আমাকে চেয়ারে বসতে দেওয়া হয়নি। বিষয়টি দলের হাইকমান্ডের সবাই জানেন। আমি ২০১৮ সালে দলের মনোনয়ন পেয়ে নির্বাচন করেছি। যখন দেখেছি ভোটগ্রহণে ব্যাপক অনিয়ম করা হচ্ছে এবং আমি নিজের ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট দেওয়া হয়ে গেছে, তখন আমি দুপুর ১২টার দিতে নির্বাচন প্রত্যাখ্যান করি। দলের প্রতিটি আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি। তাই আমি শতভাগ বিশ্বাস করি দল আমাকে মনোনয়ন দেবে। একাধিক মনোনয়নপ্রত্যাশী থাকলেও আমাদের মধ্যে কোনো গ্রুপিং নেই। দল যাকে মনোনয়ন দেবে তাকে নিয়েই সবাই নির্বাচন করব।

জেলা বিএনপির সদস্য সচিব ও মনোনয়নপ্রত্যাশী জাহান্দার আলী জাহান বলেন, ৪৪ বছর ধরে রাজনীতির সঙ্গে জড়িত। প্রথমে ছাত্রদল ও পরে বিএনপি করেছি। এখন পর্যন্ত বিএনপিই করছি। এই দীর্ঘ সময় আমি বিএনপির সব আন্দোলনে সক্রিয় ছিলাম। একাধিকবার জেল খেটেছি, শিকার হয়েছি অনেক নির্যাতনের। আমি কখনো চাঁদাবাজি, দখলবাজি বা ক্ষমতার অপব্যবহার করিনি। আমি আমার নিজের সম্পদ বিক্রি করেও রাজনীতি করেছি। এবার তৃণমূল নেতাদের মূল্যায়ন করা হবে বলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন। মাঠপর্যায়ে জরিপ করলেই বোঝা যাবে কার জনপ্রিয়তা কেমন। কে সব সময় বিপদে-আপদে নেতাকর্মীদের পাশে থেকেছে। সেই হিসাবে শতভাগ নিশ্চিত আমি মনোনয়ন পাব।

বক্তব্য নেওয়ার জন্য হেলেন জেরিন খানের সঙ্গে মুঠোফোনে একাধিবার যোগাযোগের চেষ্টা করলেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

জামায়াতে ইসলামীর ফরিদপুর অঞ্চল টিম সদস্য ও প্রার্থী মাওলানা আব্দুস সোবাহান খান বলেন, আমরা নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে কাজ শুরু করেছি। এ সংসদীয় আসনে প্রতিটি কেন্দ্রে কমিটি গঠন করা হয়েছে। পোস্টার, লিফলেটসহ বিভিন্নভাবে প্রচারণা চালাচ্ছি। গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জনপ্রতিনিধিদের সঙ্গে মিটিং করছি। আমরা আশা করছি এবারের সংসদ নির্বাচনে মাদারীপুরে একটা শক্ত অবস্থান তৈরি করতে পারব।

Facebook Comments Box

Posted ৩:৫০ এএম | সোমবার, ২৬ মে ২০২৫

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।