| বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ | প্রিন্ট | 150 বার পঠিত
বঙ্গোপসাগরে থাকা নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের আকাশ মেঘলা। কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, তা এখনো স্পষ্ট নয়।
বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে আবহাওয়ার বিশেষ বিজ্ঞপ্তিতে (ক্রমিক নম্বর-৪) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্নচাপটি পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় আছে। এটি গত মধ্য রাতে চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৯৫৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ৯০৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ৮৩৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ৮৩০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল।
গভীর নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।
এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। আজ এর প্রভাবে রাজধানীর আকাশ সারা দিনই মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টিও হতে পারে। বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন স্থানে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
Posted ৫:৩৩ এএম | বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | admin
এ বিভাগের সর্বাধিক পঠিত
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।