ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল
সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে
শিরোনাম >>

মেয়র এরিক এডামসের উপস্থিতিতে এই প্রথম গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন

  |   মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩   |   প্রিন্ট   |   145 বার পঠিত

মেয়র এরিক এডামসের উপস্থিতিতে এই প্রথম গ্রেসি ম্যানসনে বাংলাদেশ হেরিটেজ ডে উদযাপন

আপনারা এতদিন নিউইয়র্ক সিটিতে আছেন, এই সিটির উন্নয়নে অবদান রেখে চলেছেন, এত বছর পর এবারই আপনাদের স্বাধীনতা দিবস আমরা উদযাপন করছি এই ঐতিহ্যবাহী গ্রেসি ম্যানসনে অত্যন্ত আবেগদৃপ্ত কণ্ঠে নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস এই কথা বলেন মেয়রের সরকারি বাসভবন গ্রেসি ম্যানসনে বাংলাদেশের হেরিটেজ মান্থ উদযাপনের অনুষ্ঠানে। নিউইয়র্ক সিটির দুই শতাধিক বাংলাদেশী ইমিগ্রান্ট এই উৎসবমুখর অনুষ্ঠানে যোগ দেন।

মেয়র এরিক এডামস বলেন, আপনারা এদেশে এসেছেন আপনাদের আমেরিকান ড্রিম পূরণ করতে, সন্তানদের সেরা শিক্ষা দেয়ার জন্য, নিরাপদ জীবনের জন্য। আপনারা আপনাদের আত্মীয়স্বজনদের দেশে রেখে এদেশে এসেছেন। বাংলাদেশী হিসাবে আপনাদের জার্নি আর অন্য এথনিক জাতি গোষ্ঠীর জার্নি একই। আমরা এদেশে এসেছি, কারণ আমরা বিশ্বাস করি এদেশে সুযোগ আছে। সেই সুযোগ ব্যবহার করে স্বপ্ন পূরণ করতে হবে।

মেয়র বললেন, আমরা এই সিটির সকলের কথা মনোযোগ দিয়ে শুনি। আমাকে বলা হলো সিটি হল ভবনে নামাজের জায়গা দরকার। সিটি হলে কর্মরত মুসলিমদের জন্য জুমার আয়োজন করতে হবে। আমি সেই ব্যবস্থা করেছি। আমাকে বলা হল স্কুলে মুসলিম ছেলেমেয়েদের জন্য হালাল ফুড দিতে হবে। আমরা সেই ব্যবস্থাও করছি।

মেয়র এডামস এই আয়োজনের উদ্যোক্তা ফাহাদ সোলায়মানকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনদিন আগে আমরা বাংলাদেশীদের নতুন এবং সুন্দর আবু হুরায়রা মসজিদ উদ্বোধন করেছি। আমি এই ধরনের কাজ করে যেতে চাই।

তিনি বলেন, আমার নির্বাচনী ক্যাম্পেইনে আপনারা আমার পাশে ছিলেন। আমি ভুলিনি। কোনোদিন সে কথা ভুলব না। ভুলব না আপনাদের ভালবাসার কথা। আমি কোনোদিন বাংলাদেশ কম্যুনিটির কথা ভুলব না।

গ্রেসি ম্যানসনে সমবেত বাংলাদেশীরা বিপুল করতালি দিয়ে মেয়রকে তাদের সমর্থনের কথা জানান।

ম্যানহ্যাটানের আপার ইস্ট সাইডে ইস্ট রিভারের তীরে অবস্থিত ঐতিহ্যবাহী গ্রেসি ম্যানসন থেকে ফিরে এই অনুষ্ঠান সম্পর্কে লেখা প্রতিবেদনে ইউএনএ জানাচ্ছেঃ

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রথমবারের মত নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস বাংলাদেশী কমিউনিটির সম্মানে গত মঙ্গলবার ২১ মার্চ সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। বাংলাদেশ হেরিটেজ মান্থ উপলক্ষে মেয়র এডামসের দেয়া এ সংবর্ধনা উপলক্ষে গ্রেসি ম্যানসন বাংলাদেশীদের পদচারণায় মুখর হয়ে ওঠে। সিটি প্রশাসন ছাড়াও নিউইয়র্কের জনপ্রতিনিধি আর প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে মেয়রের বাসভবন হয়ে ওঠে এক টুকরো বাংলাদেশ। সর্বত্রই ছোঁয়া পাওয়া যায় বাংলাদেশের জাতীয় পতাকা লাল-সবুজের রংয়ের স্পর্শ।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে নিউইয়র্কস্থ বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিউয়োম্যান জেনিফার রাজকুমার ছাড়াও কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিরা এতে যোগ দেন। এছাড়া, প্রশাসন, পুলিশ বিভাগ, আইন ও বিচার বিভাগ, স্বাস্থ্যখাতসহ নিউয়র্কের বিভিন্ন সেক্টরে সফল পেশাজীবীদের আমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে।

সিটি মেয়রের দক্ষিণ এশিয়া বিষয়ক এডভাইজারি কমিটির অন্যতম সদস্য এবং কমিউনিটি বোর্ড মেম্বার ফাহাদ সোলায়মানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশিত হয় এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। অনুষ্ঠানের কর্মসূচীর মধ্যে ছিল মেয়র ছাড়াও অতিথিদের শুভেচ্ছা বক্তব্য, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে কমিউনিটি সেবায় অবদান রাখার জন্য মেয়রের পক্ষ থেকে ৫ জন বাংলাদেশীকে সাইটেশন প্রদান করা হয়। এরা হলেন- কমিউনিটি অ্যাক্টিভিস্ট মোহাম্মদ ফখরুল ইসলাম দেলোয়ার ও শাহ জে চৌধুরী, রুতবা তাবাসুম, রিমা বেগম ও বাবু খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন মেয়র অফিসের ডিরেক্টর উমিয়া হাসান। তিনি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিশেষভাবে স্মরণ করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ কনস্যুলেটের পক্ষ থেকে বাংলাদেশের স্মৃতি সৌধের ছবি মেয়র এডামসকে উপহার দেন কনসাল জেনারেল ড. মনিরুল ইসলাম। এছাড়াও নিজের তোলা মেয়রের হাজারো ছবি দিয়ে বানানো এ্যালবাম উপহার দেন প্রবাসের জনপ্রিয় ফটো সাংবাদিক নিহার সিদ্দিকী।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মেয়র এরিক এডামস বলেন, নিউইয়র্কে বাংলাদেশী একটি উজ্জ্বল কমিউনিটি। বিভিন্ন পেশায় ইতোমধ্যে তারা অভ‚তপূর্ব সাফল্য লাভ করেছেন। বাংলাদেশীরা কাজের ক্ষেত্রে খুবই কর্তব্যপরায়ণ উল্লেখ করে মেয়র বলেন নিউইয়র্কের অগ্রযাত্রায় তাদের অবদান উল্লেখ করার মত। বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মেয়র বলেন বাংলাদেশ যুক্তরাষ্ট্রের খুবই আস্থাশীল বন্ধু। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশীদের সকল উৎসব যুক্তরাষ্ট্রেরই উৎসব। এসব উৎসব, আনুষ্ঠানিকতায় নিউইয়র্ক সিটি কাউন্সিল সব সময় অগ্রণী ভ‚মিকা পালন করবে। তিনি সিটির উন্নয়নে কমিউনিটি সেবায় নিজেদেরকে আরো সম্পৃক্ত করার আহŸান জানান।

ড. মনিরুল ইসলাম বলেন, আজকে সকল বাংলাদেশীর একটি গর্বের দিন। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি, আজ সেটি আরও বেশী মহিমান্বিত হলো। নিউইয়র্ক সিটি মেয়র কর্তৃক বাংলাদেশ আর বাঙালিরা সম্মানিত হলো।

সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রবাসের জনপ্রিয় শিল্পী শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল, ত্রিনিয়া হাসান প্রমুখ সঙ্গীত পরিবেশন করেন। এছাড়ও জনপ্রিয় নৃত্যশিল্পী প্রিয়া ডায়েস ও তার দল দলীয় নৃত্য পরিবেশন করেন। ছবি: নিহার সিদ্দিকী।

Facebook Comments Box

Posted ২:১৫ এএম | মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল |

এ বিভাগের সর্বাধিক পঠিত

ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল সংবাদ এবং তথ্যে আপনার প্রয়োজন মেটাতে

NSM Moyeenul Hasan Sajal

Editor & Publisher
Phone: +1(347)6598410
Email: protidinkar@gmail.com, editor@protidinkar.com

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।