জাতীয় ডেস্ক | সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | প্রিন্ট | 3 বার পঠিত

আগামী অর্থবছর থেকে দেশের ১৫ মাসের চাহিদা বিবেচনায় নিয়ে সব ধরনের টিকা ও প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে দেশের সব পর্যায়ে অন্তত ছয় মাসের টিকার মজুদ নিশ্চিত করা হবে, যাতে কোনো সংকট তৈরি না হয়।
সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে জিন্দাপার্ক সংলগ্ন লিটল এঞ্জেলস সেমিনারে আয়োজিত ‘দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সরকারগুলোর ব্যর্থতার কারণে দেশ অনেকটা পিছিয়ে আছে এবং তারা সরকারি কোষাগারে কোনো অর্থ রেখে যায়নি। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের বিচক্ষণতা ও নির্দেশনায় আমরা দেশব্যাপী এই হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু করতে পেরেছি।
শিশুদের পুষ্টির ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন, আমাদের শিশুদের পুষ্টির অভাব রয়েছে। শুধু ওষুধ দিয়ে মানুষকে সুস্থ রাখা সম্ভব নয়, আমাদের নিজেদেরও সচেতন হতে হবে। শিশুদের জন্য সবচাইতে কার্যকর ওষুধ হলো মায়ের দুধ। মায়ের দুধ পান করলে শিশুরা অনেক রোগব্যাধি থেকে সুরক্ষিত থাকতে পারে।
তিনি সব মায়েদের প্রতি সন্তানদের নিয়মিত বুকের দুধ খাওয়ানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে মন্ত্রী রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীত করার ঘোষণা দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বলডিন, ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ এমানুয়েল আব্রিউক্স এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ ডা. রাজেশ নারওয়াল। এছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রূপগঞ্জের কর্মসূচি শেষে স্বাস্থ্যমন্ত্রী রাজধানীর শাহজাদপুরে লাইট ফেয়ার স্কুল কেন্দ্রে টিকাদান কার্যক্রম পরিদর্শন করেন এবং অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তাঁর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাষ্ট্র থেকে আগত বিশেষ দূত চার্লস হার্ডার এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Posted ১১:২৫ এএম | সোমবার, ২০ এপ্রিল ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Reporter
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।