ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | প্রিন্ট | 2 বার পঠিত

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় উত্তেজনা ছড়িয়েছে সৌদি আরবে। এসব হামলায় ১৩ জন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে সাতটি বাড়ি ও দুটি যানবাহন।
সোমবার সৌদি আরবের খামিস মুশাইত, আবহা ও তাইফের বেসামরিক এলাকায় হামলাগুলো চালানো হয়। মঙ্গলবার ভোরে এক বিবৃতিতে এ তথ্য জানান ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুরকি আল-মালকি।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, আহতদের কয়েকজনের আঘাত সামান্য থেকে মাঝারি মাত্রার।
হামলার পর সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দেশটির পশ্চিম ও দক্ষিণাঞ্চলের ছয়টি শহরে সতর্কতা জারি করেছে বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। শহরগুলো হলো—আবহা, জেদ্দা, জাজান, তাইফ, ইয়ানবু ও আল-উলা।
বাসিন্দাদের সতর্ক থাকতে এবং নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট হুতিদের বিরুদ্ধে বেসামরিক নাগরিক ও স্থাপনা লক্ষ্য করে পরিকল্পিতভাবে হামলা চালানোর অভিযোগ করেছে। জোটের দাবি, ধারাবাহিক এসব হামলা হুতিদের উত্তেজনা বাড়ানোর নীতিরই বহিঃপ্রকাশ।
সৌদি আরবের সার্বভৌমত্ব রক্ষা এবং বেসামরিক নাগরিক ও স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী ‘দায়িত্বশীল ও কঠোর পদক্ষেপ’ নেবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
এর আগে গত সপ্তাহে হুতিদের হামলায় সৌদি আরবের বিভিন্ন শহর ও এলাকায় ৭০ জনের বেশি মানুষ আহত হন। তাদের মধ্যে নারী ও শিশুও ছিল।
শুক্রবার রিয়াদ ও মদিনা অঞ্চলে কয়েক দফা ড্রোন হামলার পর সৌদি আরব সাময়িকভাবে পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ করে দেয়।
হুতিদের ওই হামলার নিন্দা জানিয়েছে উপসাগরীয় ও মুসলিম বিশ্বের বিভিন্ন সংগঠন। পাশাপাশি সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে তারা।
সূত্র: আরব নিউজ
Posted ৫:১৬ এএম | মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইউএসএ থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল | Mr. Dulal
এ বিভাগের সর্বাধিক পঠিত
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।